© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রমজানের শেষ মুহূর্ত কীভাবে কাটাবেন?

শেয়ার করুন:
রমজানের শেষ মুহূর্ত কীভাবে কাটাবেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৫ এএম | ১৯ মার্চ, ২০২৬
রহমত মাগফিরাতের পর শেষ হতে চলেছে পবিত্র রমজান মাসের নাজাতের দশক। শাওয়ালের চাঁদ দেখার পরই শুরু হবে ঈদুল ফিতর, শেষ হবে অফুরন্ত রহমত ও বরকত ও কোরআন নাজিলের মাস। 

আগামী রমজান অনেকেরই ভাগ্যে নাও জুটতে পারে। অনেকেই পৃথিবী থেকে বিদায় নিতে পারেন আগামী রমজানের আগেই। রমজানের শেষ মুহূর্তটিকে অর্থবহ করতে এই সময়ে আল্লাহর কাছে বেশকিছু প্রার্থনা করা উচিত। 

বেশি বেশি তওবা করা
মানুষ সবসময় ভুল করে বসে। রমজানেও অনেক ভুলত্রুটি হয়ে গেছে। তাই তওবা করে নেওয়া উচিত। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদাররা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা কর; তবেই তোমরা নিঃসন্দেহে সফলতা লাভ করবে। (সুরা নূর, আয়াত : ৩১)

আরেক আয়াতে আল্লাহ তায়ালা বলেন, আর যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, অতঃপর সৎ পথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল। (সুরা ত্বহা, আয়াত : ৮২)
মনে রাখা উচিত, মানুষ কোনো ময়লা আবর্জনার গর্তে পড়ে গেলে যত দ্রুত সম্ভব সেখান থেকে উঠে ময়লা ধুয়ে পরিষ্কার হওয়ার চেষ্টা করে। ঠিক তেমনি গুনাহের পর তওবা করে নিজেকে পবিত্র করা উচিত।

রমজানের ত্রুটির জন্য ক্ষমা চাওয়া

রমজান আমল ইবাদতের মাস। এই মাসে প্রত্যেক ইবাদতের বিশেষ সওয়াব রয়েছে। নফল ও ফরজের কয়েক গুণ বেশি সওয়াব দেওয়া হয়। কিন্তু বিভিন্ন ব্যস্ততা ও নফসের ধোঁকায় পড়ে আমরা সময়টিকে অবহেলায় পার করি। রমজানে আমলের প্রতি অবহেলা ও ত্রুটির কারণে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত এবং তিনি যেন আমাদেরকে রমজানের শেষ মুহূর্তের বরকত দান করেন সেই দোয়া করা উচিত।

সবসময় নেক আমলের তাওফিক চাওয়া

রমজান মাসের পুরোটা সময় আমল ও ইবাদতে মগ্ন থাকার সময়। রমজানে  ঠিকমতো আমল করার জন্য পবিত্র এই মাস শুরুর প্রায় দুই মাস আগে থেকেই অর্থাৎ রজব ও শাবান মাস থেকেই প্রস্তুতি নিতে থাকেন মুসলিমরা। এই দুই মাসের পর আসে আমল ইবাদতের মাস পবিত্র রমজান। রমজানের পরও অনেকেই ইবাদতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। এই তিন মাস ইবাদতের অনুশীলনের পর পুরো বছর যেন ঠিকমতো নেক আমল করা যায় আল্লাহর কাছে সেই দোয়া করা উচিত এবং তাওফিক চাওয়া উচিত।

সদকাতুল ফিতর আদায় করা

সামর্থ্যবানদের জন্য রমজানে সদকাতুল ফিতর আদায় করা উচিত। রমজানের রোজার ত্রুটি ও দরিদ্র ব্যক্তিদের প্রয়োজন পূরণের জন্য এই বিধান দেওয়া হয়েছে। পুরো রমজানে সদকাতুল ফিতর আদায় করা না হলে শেষ মুহূর্ত অথবা ঈদুল ফিতরের দিন সকালে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে তা আদায় করা উচিত।

আরআই/ এসএন

মন্তব্য করুন