অরিজিৎকে নিয়ে কোন অভিজ্ঞতার কথা বললেন শিলাজিৎ?
ছবি: সংগৃহীত
০১:৪৩ পিএম | ১৯ মার্চ, ২০২৬
সঙ্গীত জগতের দুই প্রজন্মের দুই শিল্পী, একজন প্রতিষ্ঠিত নিজের স্বতন্ত্র ধারায়, অন্যজন আজ দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠ। সেই দুই শিল্পীর সম্পর্কের গল্পেই যেন ধরা পড়ল আবেগ, শ্রদ্ধা আর এক অদৃশ্য বন্ধনের ছোঁয়া। গায়ক শিলাজিৎ মজুমদার সম্প্রতি অরিজিৎ সিংকে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তুলে ধরলেন এক অন্যরকম অরিজিতকে।
সম্প্রতি এক মঞ্চ অনুষ্ঠানে অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন শিলাজিৎ। এক পুলিশকর্মীর হস্তক্ষেপে গান থামানোর ঘটনায় সাময়িক বিরক্তি তৈরি হলেও, সেই স্মৃতি খুব বেশি দিন মনে রাখেননি তিনি। বরং সেই মনখারাপকে মুহূর্তেই ভুলিয়ে দেয় এক অন্য অভিজ্ঞতা। দেশের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ তাঁরই গান মঞ্চে পরিবেশন করেছেন এই ঘটনাকেই জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন শিলাজিৎ।
তিনি জানান, অরিজিতের সঙ্গে তাঁর কোনও আনুষ্ঠানিক কাজ না হলেও মাঝেমধ্যেই কথা হয় দু’জনের। শ্রদ্ধা আর ভালোলাগার জায়গা থেকেই অরিজিৎ তাঁর গান গেয়েছেন বলে মনে করেন তিনি। এই স্বীকৃতিই তাঁর কাছে সবচেয়ে বড় সম্মান।

দশ বছর আগের একটি ঘটনার কথা স্মরণ করতে গিয়ে শিলাজিৎ জানান, এক অচেনা নম্বর থেকে প্রথম যোগাযোগ করেছিলেন অরিজিৎ নিজেই। নিজের পরিচয় দেওয়ার পর প্রথমে বিশ্বাস না হলেও, পরে ফোনে কথা হয় এবং ধীরে ধীরে গড়ে ওঠে পরিচয়। সেই সম্পর্ক আজও অটুট রয়েছে।
অরিজিতের ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে গিয়ে শিলাজিৎ বিশেষভাবে মুগ্ধ তাঁর সহজ-সরল জীবনযাপনে। তাঁর মতে, একজন বড় শিল্পী হওয়ার পাশাপাশি মানুষ হিসেবেও অরিজিৎ অত্যন্ত সংবেদনশীল এবং দায়িত্বশীল। নিজের শিকড়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার যে মানসিকতা, সেটিই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আর এই জায়গাতেই নিজের সঙ্গে অরিজিতের মিল খুঁজে পান শিলাজিৎ।
হালকা রসিকতার সুরে তিনি বলেন, এই তুলনা শুনে অনেকেই অবাক হতে পারেন। তবে অরিজিতের সাফল্যে তাঁর গর্ব হয়, এমনকি কখনও কখনও অহঙ্কারও অনুভব করেন।
একটি মজার ঘটনাও শেয়ার করেন তিনি। টোল প্লাজার ভিআইপি লাইনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিতে গিয়ে অরিজিতের নাম ব্যবহার করেছিলেন শিলাজিৎ। সেই ঘটনায় তৈরি হয়েছিল এক হাস্যকর পরিস্থিতি, যা আজও মনে পড়লে হাসি পায় তাঁর।
সব মিলিয়ে, শিলাজিতের কথায় স্পষ্ট সাময়িক বিতর্ক বা অপ্রীতিকর অভিজ্ঞতার চেয়ে অনেক বড় হয়ে থাকে শিল্পীর প্রাপ্ত ভালোবাসা আর সম্মান। আর সেই ভালোবাসার অন্যতম বড় উৎস হয়ে উঠেছেন অরিজিৎ সিং।
পিআর/এসএন