© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভালোবাসা না লোক দেখানো, বিতর্কে মুখ খুললেন অভিনেতা উদয়

শেয়ার করুন:
ভালোবাসা না লোক দেখানো, বিতর্কে মুখ খুললেন অভিনেতা উদয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৩ পিএম | ১৯ মার্চ, ২০২৬
বাংলা টেলিভিশনের পরিচিত মুখ উদয়প্রতাপ সিং হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে। একটি পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে যাওয়া একটি মুহূর্ত ঘিরেই তৈরি হয়েছে জোর বিতর্ক, আবার একই সঙ্গে কুড়িয়েছে প্রশংসাও। অনুষ্ঠানে স্ত্রী অনামিকা চক্রবর্তীর হাত থেকে পুরস্কার গ্রহণের পর মঞ্চেই তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন উদয়। এই দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে, শুরু হয় নানা প্রতিক্রিয়া।

অনেকেই এই আচরণকে নিখাদ ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে দেখেছেন। আবার একাংশের দাবি, এটি নিছক লোকদেখানো কিংবা বলিউডি প্রভাব। বিশেষ করে বলিউড তারকাদের প্রকাশ্য ভালোবাসা প্রদর্শনের সঙ্গে তুলনা টেনে প্রশ্ন উঠেছে, উদয় কি সেই ধারার অনুসারী?

তবে এই সমস্ত জল্পনার সরাসরি জবাব দিয়েছেন অভিনেতা নিজেই। তাঁর কথায়, এই আচরণের পেছনে কোনও প্রভাব বা অনুকরণ নেই। বরং এটি তাঁর পারিবারিক শিক্ষা ও ব্যক্তিগত বিশ্বাসেরই প্রতিফলন। তিনি জানান, ছোটবেলা থেকেই এমন পরিবেশে বড় হয়েছেন যেখানে নারী-পুরুষের মধ্যে কোনও ভেদাভেদ করা হয় না। সেই মানসিকতা থেকেই স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর কোনও সংকোচ হয়নি।



উদয়ের বক্তব্যে উঠে এসেছে সম্পর্কের নানা ওঠাপড়ার কথাও। গত পাঁচ বছর ধরে অনামিকা তাঁর পাশে থেকেছেন, সেই সমর্থন ও ভালোবাসার প্রতি সম্মান জানাতেই এই পদক্ষেপ বলে জানান তিনি। নিজের সীমাবদ্ধতার কথাও অকপটে স্বীকার করেছেন অভিনেতা। তিনি মনে করেন, একজন ভালো স্বামী হয়ে ওঠার চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন।

নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া নানা গুঞ্জন, এমনকি সম্পর্ক ভাঙনের জল্পনাকেও গুরুত্ব দিতে নারাজ উদয়। যদিও তিনি স্বীকার করেন, এসব আলোচনা তাঁর স্ত্রীর উপর প্রভাব ফেলে। তবুও তিনি বিশ্বাস করেন, সময়ের সঙ্গে সবকিছুর উত্তর মিলবে তাঁর কাজের মধ্যেই।

সব মিলিয়ে, একটি মুহূর্ত ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই উদয়প্রতাপ সিংহ স্পষ্ট করে দিয়েছেন এটি কোনও প্রদর্শন নয়, বরং তাঁর ব্যক্তিগত অনুভূতিরই স্বাভাবিক প্রকাশ।

পিআর/এসএন

মন্তব্য করুন