সান্তাহারে লাইনচ্যুতি / শিডিউল বিপর্যয়ে পঞ্চগড় থেকে ৩ ট্রেনের যাত্রা বাতিল
ছবি: সংগৃহীত
০২:৪৯ পিএম | ১৯ মার্চ, ২০২৬
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় বড় ধরনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এর জেরে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি এবং রাজশাহী ও পার্বতীপুরগামী আরও দুটিসহ মোট তিনটি ট্রেনের ডাউন যাত্রা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) পঞ্চগড় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম জাহিদ এ তথ্য নিশ্চিত করেন। বাতিল হওয়া ট্রেনগুলো হলো- সকাল ৯টার বাংলাবান্ধা এক্সপ্রেস, দুপুর ১২টা ১০ মিনিটের পঞ্চগড় এক্সপ্রেস এবং বিকেল সাড়ে ৩টার কাঞ্চন আন্তঃনগর কমিউটার ট্রেন।
স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম জাহিদ জানান, 'দুর্ঘটনার কারণে বড় ধরনের এই শিডিউল বিপর্যয় হয়েছে। আপ শিডিউলে কোনো প্রভাব না থাকলেও, ডাউনে এর মারাত্মক প্রভাব পড়েছে। তাই বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তিনটি ট্রেনের ডাউন শিডিউল বাতিল করা হয়েছে।'
তিনি আরও জানান, বাতিল হওয়া ট্রেনগুলোর যেসব যাত্রী এরই মধ্যে টিকিট ক্রয় করেছেন, তাদের টিকিটের মূল্য ফেরত দেয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসার পর শুক্রবার (২০ মার্চ) থেকে ট্রেনগুলো পুনরায় যথাসময়ে পঞ্চগড় থেকে যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে।
এমআই/এসএন