দুস্থদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত
০৪:১৯ পিএম | ১৯ মার্চ, ২০২৬
সমাজের অসহায় ও দুস্থদের সহায়তায় শুধু সরকারের ওপর নির্ভর না করে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। রাঙ্গামাটিতে সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাঙ্গামাটি শিশু একাডেমিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, ‘রাজনীতি হচ্ছে মূলত মানুষের সেবা। আমরা মানুষের সেবার জন্য রাজনীতি করি। যারা রাজনীতি করেন, তাদের সেই আদর্শ ধারণ করেই চিন্তাভাবনা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘রাজনীতি সমাজের চালিকাশক্তি। এর মাধ্যমে সমাজকে অনেক কিছু দেয়া সম্ভব। শুধু সরকারের ওপর নির্ভর না করে সমাজে যারা বিত্তবান আছেন, তাদেরকেও অসহায় ও দুস্থদের সেবায় এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে শহরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের হাতে চাল, তেল, সেমাই, চিনিসহ ১২ ধরনের ঈদসামগ্রী তুলে দেয়া হয়। পরে মন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদি লাগিয়ে ‘মেহেদি উৎসব’-এর উদ্বোধন করেন।
ইয়ুথ রাঙ্গামাটির সাধারণ সম্পাদক রুপম তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, সংগঠনের উপদেষ্টা ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, শাশ্বত চাকমা রিংকু, বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।
ইউটি/টিকে