আইনি বিপাকে নোরা, সঞ্জয় ও বাদশা!
ছবি: সংগৃহীত
০৫:৩০ পিএম | ১৯ মার্চ, ২০২৬
দুই বিতর্কিত গান ঘিরে শুরু হওয়া সমালোচনা এবার গড়াল আইনি পর্যায়ে। ‘অশালীনতা’ ও যৌন ইঙ্গিতপূর্ণ উপস্থাপনার অভিযোগে নোরা ফাতেহি, সঞ্জয় দত্ত এবং বাদশা-এর কাছে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে সমন পাঠিয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট দুই গানের বিষয়বস্তু প্রাথমিকভাবে আপত্তিকর বলে মনে হয়েছে এবং তা ভারতীয় আইনের একাধিক বিধান লঙ্ঘনের আওতায় পড়তে পারে।
বিতর্কের কেন্দ্রে রয়েছে দুটি গান ‘সরকে তেরি চুনারি’ এবং ‘টটীরী’। কয়েক দিন ধরেই এই দুটি গান নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া চলছিল। তার পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক গান দুটির প্রচার বন্ধের নির্দেশ দেয় এবং বিভিন্ন মাধ্যমে সেগুলি সরিয়ে নেওয়া হয়। কিন্তু গান সরিয়ে দেওয়ার পরও বিতর্ক থামেনি।

কমিশনের নোটিশ অনুযায়ী, ‘টটীরী’ গানের জন্য বাদশার পাশাপাশি ভিডিওটির পরিচালক মাহি সন্ধু ও প্রযোজক হিতেনকেও নির্দিষ্ট দিনে নথিপত্রসহ হাজির থাকতে বলা হয়েছে।
একইভাবে ‘সরকে চুনর তেরি’ গানের জন্য নোরা ফতেহি, সঞ্জয় দত্ত, প্রযোজক ভেঙ্কট কে নারায়ণ এবং পরিচালক কিরণ কুমারকেও পৃথক দিনে কমিশনের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশনের বক্তব্য, গানের দৃশ্য ও ভাষায় এমন কিছু উপাদান রয়েছে যা যৌন ইঙ্গিতপূর্ণ, আপত্তিকর এবং শিশু সুরক্ষা-সংক্রান্ত আইনসহ তথ্যপ্রযুক্তি বিধির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। নির্ধারিত দিনে উপস্থিত না হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথাও স্পষ্ট করা হয়েছে।
এই ঘটনার পর বাদশা ইতিমধ্যেই প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন। অন্যদিকে নোরা একটি আবেগঘন ভিডিও বার্তায় জানিয়েছেন, গানের ভাষান্তরিত সংস্করণ এতটা বিতর্ক তৈরি করবে, তা তিনি আগে বুঝতে পারেননি। তাঁর কথায়, বিষয়টি তাঁকে ব্যক্তিগতভাবেও ব্যথিত করেছে।
বিনোদন জগতে সাম্প্রতিক সময়ে বিষয়বস্তু নিয়ে যে সংবেদনশীলতা বেড়েছে, এই ঘটনাকে তারই বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। জনপ্রিয়তার পাশাপাশি এখন গানের ভাষা, দৃশ্য এবং সামাজিক প্রভাব নিয়েও বাড়ছে নজরদারি।
পিআর/টিকে