© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজকীয় বরবেশে ফুল পিসির সংসারে নতুন চমক অর্জুন চক্রবর্তীর!

শেয়ার করুন:
রাজকীয় বরবেশে ফুল পিসির সংসারে নতুন চমক অর্জুন চক্রবর্তীর!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৯ পিএম | ১৯ মার্চ, ২০২৬
নতুন ছবি ঘিরে কৌতূহল আরও বাড়িয়ে দিলেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁদের নতুন ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর প্রথম পুরুষ চরিত্রের পোস্টার প্রকাশ্যে আসতেই আলোচনায় উঠে এলেন অর্জুন চক্রবর্তী। রাজকীয় বরবেশে তাঁর উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনই মুখের অদ্ভুত অভিব্যক্তি ছবির গল্প নিয়ে তৈরি করেছে নতুন রহস্য।

পোস্টারে দেখা যাচ্ছে, মাথায় পাগড়ি, গলায় বরমালা, পরনে মসলিনের পাঞ্জাবি ও শাল একেবারে ঐতিহ্যবাহী বাঙালি বরসাজে ধরা দিয়েছেন অর্জুন। কিন্তু সাজের আড়ালে চোখেমুখে যেন লুকিয়ে আছে অস্বস্তি, আশঙ্কা কিংবা অদৃশ্য কোনো সংকেত। ছবিতে তিনি মণীন্দ্র চন্দ্র নন্দী চরিত্রে অভিনয় করছেন, যার মধ্যে একাধিক স্তর রয়েছে বলেই ইঙ্গিত মিলছে প্রথম ঝলকেই।

এই ছবির মাধ্যমে প্রথমবার এই পরিচালনা জুটির সঙ্গে কাজ করলেন অর্জুন। তাঁর কথায়, বহু বছর ধরে পরিচয় থাকলেও পরিচালক হিসেবে শিবপ্রসাদকে এত কাছ থেকে এই প্রথম দেখলেন। তিনি জানিয়েছেন, চরিত্রটি তাঁর কাছে অত্যন্ত কঠিন ছিল, কারণ এর আগে এমন ধরনের ভূমিকায় অভিনয় করার অভিজ্ঞতা তাঁর হয়নি। তবে চরিত্রের খুঁটিনাটি বোঝাতে পরিচালকদ্বয় এবং চিত্রনাট্য নির্মাতারা এত যত্ন নিয়েছেন যে কাজের সময় আলাদা কোনো অসুবিধা হয়নি।



ছবির গল্প আবর্তিত হয়েছে এক অভিজাত পরিবারের অন্দরমহল ঘিরে। পারিবারিক সম্পর্ক, গোপন টানাপোড়েন, অন্দরমহলের অজানা স্তর সব মিলিয়ে পারিবারিক নাটকের আবরণে এগোবে কাহিনি। কেন্দ্রীয় চরিত্রে থাকছেন সোহিনী সেনগুপ্তা, যাঁর চরিত্রে থাকবে অনুসন্ধানের একটি আলাদা মাত্রা।

এর আগে নারী দিবসে ছবির একাধিক নারী চরিত্রের লুক প্রকাশ করেছিলেন পরিচালকরা। সেখানে রিমা সেন,কনিনীকা শামৌপ্তি, অন্যন্যা এবং অনামিকা সাহা-র উপস্থিতি ছবিকে ঘিরে আগ্রহ বাড়িয়েছিল। এবার অর্জুনের বরবেশ সেই আগ্রহকে আরও এক ধাপ এগিয়ে দিল।

অর্জুন জানিয়েছেন, কাজটি নিয়ে পরিচালকরা যতটা আত্মবিশ্বাসী, তিনি নিজে ততটাই সতর্ক ও অপেক্ষায় আছেন দর্শকের প্রতিক্রিয়ার জন্য। তাঁর বিশ্বাস, চরিত্রের ভেতরের জটিলতা দর্শকের নজর এড়াবে না।

পিআর/টিকে

মন্তব্য করুন