বিপ্লবী অনন্ত সিংয়ের বেশে চমক দিলেন অভিনেতা জিৎ!
ছবি: সংগৃহীত
০৭:১৭ পিএম | ১৯ মার্চ, ২০২৬
নতুন ছবির প্রথম ঝলকেই দেশাত্মবোধ, ইতিহাস আর তীব্র লড়াইয়ের আবহ একসঙ্গে হাজির করলেন জিৎ। পরিচালক পথিকৃৎ বসুর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর টিজার প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বিপ্লবী অনন্ত লাল সিংহের চরিত্রে জিতের উপস্থিতি। ধুতি পরে, হাতে লাঠি, চোখেমুখে দৃঢ়তা ঐতিহাসিক চরিত্রের মধ্যে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন তিনি।
টিজারের শুরুতেই শোনা যায় পুরোনো ঘোষণার আবহ, যেখানে শহরে ধারাবাহিক ডাকাতির আতঙ্কের কথা ভেসে আসে। সেই অস্থিরতার মধ্যেই পর্দায় ধরা পড়ে ব্রিটিশ শাসনের নির্মমতা।

আর ঠিক সেই সময়েই লাল ছাতা হাতে আবির্ভাব ঘটে অনন্ত লাল সিংহের, যাঁর পরিচয় একদিকে বিপ্লবী, অন্যদিকে শাসকের চোখে ভয়ংকর প্রতিপক্ষ।
এরপরই দ্রুত বদলে যায় দৃশ্যের ছন্দ। ‘বন্দে মাতরম’ ধ্বনি তুলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সরাসরি আঘাতে নামতে দেখা যায় জিতকে। কখনও তরুণ, কখনও বয়সে পরিণত, কখনও ছদ্মবেশে একই চরিত্রের ভেতরে একাধিক রূপ দেখিয়ে টিজারটি স্পষ্ট করে দেয়, এই ছবিতে চরিত্র নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সময়ের পরিবর্তনকে।
ঐতিহাসিক এই চরিত্রে অভিনয়ের আগে দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন জিৎ। জানা গেছে, নিয়মিত প্রশিক্ষকের কাছে লাঠিখেলা শিখেছেন তিনি। চরিত্রের শারীরিক ভঙ্গি, চলাফেরা এবং লড়াইয়ের ধরন বিশ্বাসযোগ্য করতে সেই অনুশীলন চলেছে দীর্ঘ সময়। পরিচালকের কথায়, এত নিষ্ঠা নিয়ে চরিত্রের জন্য প্রস্তুতি নিতে খুব কম অভিনেতাকেই দেখা যায়।
চরিত্র নিয়ে নিজের অনুভূতিও জানিয়েছেন জিৎ। তাঁর ভাষ্যে, যখন শাসকের হাতে নিরীহ মানুষের রক্ত লেগে থাকে, তখন বিপ্লবী নিজেই একসময় বিপ্লবে পরিণত হয়। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই জীবনকাহিনিতে সেই লড়াইয়ের ইতিহাসই তুলে ধরা হবে।
টিজারে বিশেষভাবে নজর কেড়েছে মেকআপ ও চেহারার পরিবর্তনও। চরিত্রের বিভিন্ন বয়স ফুটিয়ে তুলতে বিশেষ রূপসজ্জার সাহায্য নেওয়া হয়েছে, যা প্রথম ঝলকেই দর্শকের নজর টেনেছে। সব মিলিয়ে গ্রীষ্মের মুক্তির আগে ছবিটি ঘিরে প্রত্যাশা আরও বেড়ে গেল।
নির্মাতারা জানিয়েছেন, আগামী ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
পিআর/টিকে