© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে বাড়তি ভাড়ার নৈরাজ্য ঠেকাতে পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযান

শেয়ার করুন:
ঈদে বাড়তি ভাড়ার নৈরাজ্য ঠেকাতে পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৩ পিএম | ১৯ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাসের টিকিট কালোবাজারি, বাড়তি দামে বিক্রি বন্ধ এবং সড়কে নাশকতা এড়াতে পঞ্চগড়ে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সদর থানা পুলিশের সহায়তায় এই যৌথ তল্লাশি চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে পঞ্চগড় শহরের পৌরসভার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন পঞ্চগড় আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট নাঈম রহমান।
 
অভিযানের অংশ হিসেবে শহরের দূরপাল্লার যাত্রীবাহী বাসের কাউন্টারগুলোতে তল্লাশি চালানো হয়। এ সময় কাউন্টার সংশ্লিষ্টদের টিকিট কালোবাজারি ও বাড়তি ভাড়ার বিষয়ে কঠোরভাবে সতর্ক করে যৌথ বাহিনী। পরে জেলা বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করেন তারা। এছাড়া পঞ্চগড় সুগার মিল এলাকায় পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি এবং চালকদের বৈধ কাগজপত্র যাচাই করা হয়।
  
পঞ্চগড় আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট নাঈম রহমান বলেন, ‘পঞ্চগড় জেলায় নিরাপত্তার কাজে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা এড়াতে নিয়মিত এই অভিযান পরিচালিত হচ্ছে।’
 
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সব ধরনের যানবাহনে টিকিট কালোবাজারি এবং বাড়তি দামে বিক্রি বন্ধ করতে পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এমআই/টিকে

মন্তব্য করুন