© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানানো উচিত : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

শেয়ার করুন:
ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানানো উচিত : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৩ পিএম | ১৯ মার্চ, ২০২৬
ট্রাম্প প্রশাসনের নেওয়া রণকৌশল প্রথম দিন থেকেই অত্যন্ত সফল। এই অভিযানের মাধ্যমে ইরানকে থামিয়ে দেওয়ায় মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপের ‘অকৃতজ্ঞ’ মিত্রদেরও প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানানো উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অত্যন্ত কড়া ভাষায় তিনি বলেন, মার্কিন সেনারা সেখানে কোনো অন্তহীন যুদ্ধে জড়ায়নি বরং একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযান লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামবে না।

গণমাধ্যমের সমালোচনা উড়িয়ে দিয়ে পিট হেগসেথ দাবি করেন, সংবাদমাধ্যম বিষয়টিকে একটি চোরাবালি হিসেবে উপস্থাপন করতে চাইলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমেরিকা অত্যন্ত পরিকল্পিতভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নৌবাহিনী এবং তাদের প্রতিরক্ষা পরিকাঠামো ধ্বংস করে দিচ্ছে যেন তেহরান কখনো পারমাণবিক অস্ত্র হাতে না পায়।

মার্কিন জনগণের উদ্দেশ্যে সরাসরি বক্তব্য রাখতে গিয়ে হেগসেথ বলেন, সুড়ঙ্গ এবং ড্রোন প্রযুক্তিতে ইরান বিনিয়োগ করলেও মার্কিন বাহিনীর ‘অপ্রতিরোধ্য’ আক্রমণের সামনে তারা দিশেহারা। ইতিমধ্যে ৭ হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং প্রতিদিন এই আক্রমণের তীব্রতা বাড়ছে।

সংবাদ সম্মেলনে পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমানে ইরানি সামরিক বাহিনীর সিনিয়র লিডার হওয়া পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ, কারণ তাদের ধ্বংস হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

হেগসেথের দাবি, যুদ্ধের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত মার্কিন বাহিনীর ওপর ইরানি হামলার হার প্রায় ৯০ শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন পুরোপুরি বিধ্বস্ত এবং তাদের নৌবাহিনীর ১২০টি জাহাজ হয় ক্ষতিগ্রস্ত, নয়তো ডুবিয়ে দেওয়া হয়েছে। ফলে সমুদ্রে তাদের আধিপত্য এখন ইতিহাস।

টিকে/

মন্তব্য করুন