© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলের ২টি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

শেয়ার করুন:
ইসরায়েলের ২টি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৭ পিএম | ১৯ মার্চ, ২০২৬
রাজধানী তেহরান ও আলবোরজ প্রদেশে ইসরায়েলের দুটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে তেহরানের আকাশে একটি ইসরায়েলি 'অরবিটার' ড্রোন ইন্টারসেপ্ট করার পর সেটিকে ধ্বংস করা হয়।

এর কিছুক্ষণ পরেই আলবোরজ প্রদেশের নজরাবাদ কাউন্টিতে আঘাত হেনে ভূপাতিত করা হয় একটি সশস্ত্র 'হার্মিস' ড্রোন।

আইআরজিসি জানিয়েছে, ড্রোনগুলো ইরানি ভূখণ্ডে কোনো ধরনের হামলা চালানোর আগেই সেগুলোকে সফলভাবে ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট। এছাড়া কাজভিন প্রদেশের কুয়িন কাউন্টির আকাশেও একটি ক্রুজ মিসাইল প্রতিহত করার দাবি করেছে ইরান।

আকাশপথে এই সাফল্যের পাশাপাশি ইসরায়েলি ভূখণ্ডের গভীরে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে তেহরান। 'অপারেশন ট্রু প্রমিজ ৪'-এর ৬৩তম তরঙ্গের অংশ হিসেবে আইআরজিসি ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলের অন্তত ৮০টি সামরিক ও লজিস্টিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে। প্রিসিশন-স্ট্রাইক মিসাইল, মাল্টি-ওয়ারহেড মিসাইল এবং কামিকাজে ড্রোনের সাহায্যে এই বিশাল অভিযান চালানো হয়। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইলাত, রিশোন লেতজিয়ন, রামলা, রামাত গান এবং তেল আবিবের নিকটবর্তী বানি বারাক ও হোলনের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই আঘাত হানা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যাকাণ্ডের পর থেকে দুই দেশের মধ্যে সংঘাত নতুন মাত্রা নিয়েছে। ইরান এই হত্যাকাণ্ডকে সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হিসেবে দেখছে এবং এর ধারাবাহিকতায় একের পর এক প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাচ্ছে। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, বেসামরিক অবকাঠামো ও জ্বালানি কেন্দ্রে শত্রুপক্ষের যেকোনো উস্কানির কড়া জবাব দেয়া হবে।

সূত্র: প্রেস টিভি

এমআর/টিকে 

মন্তব্য করুন