শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৯:০০ পিএম | ১৯ মার্চ, ২০২৬
বেতনের পাশাপাশি এবার শ্রমিকদের ঈদ বোনাসও পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আরিফুল হক বলেন, ‘শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসটা পর্যন্ত কমপ্লিট করেছি। এটি সম্ভব হয়েছে সরকারের সদিচ্ছার কারণে। নির্বাচিত জনপ্রতিনিধিরাও শ্রমিকদের পাশে ছিলেন। তাই দেশে প্রথমবারের মতো এবার ঈদের আগে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি।’
তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যরা নিজ নিজ সংসদীয় এলাকার এবার শ্রমিকদের পাশে ছিলেন। কোনো কোনো কারখানায় মার্চেরও অর্ধেক বেতন উনারা দিয়ে দিয়েছেন।’
শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা করেছে জানিয়ে আরিফুল হক বলেন, ‘শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে বিজিএমইএ ও বিকেএমইএকে প্রায় আড়াই হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। ছোট ছোট ইন্ডাস্ট্রি যেগুলো বন্ধ হয়ে গেছে, সেসব শিল্প কারখানার শ্রমিকের জন্য ৬৫ কোটি টাকা দেওয়া হয়েছে।’
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে নিহত ও আহত প্রবাসীদের শ্রমিকদের জন্য সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতে যারা মারা গেছেন, তাদের মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর এবং প্রণোদনা দেওয়ার পাশাপাশি পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। ভূমিহীন-গৃহহীনদের পুনর্বাসনে স্থানীয় জেলা প্রশাসনগুলোকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এসব পরিবারের শিক্ষার্থীদের জন্য প্রতিমাসে দুই হাজার করে টাকা দেওয়া হচ্ছে।
এমআই/টিকে