নীলফামারীতে তিস্তায় পাথর উত্তোলন বন্ধ করতে গিয়ে হামলার শিকার চেয়ারম্যান
ছবি: সংগৃহীত
০৯:০২ পিএম | ১৯ মার্চ, ২০২৬
নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদী এলাকায় পাথর উত্তোলন বন্ধ করতে গিয়ে টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চেয়ারম্যান, সাংবাদিক, গ্রাম পুলিশ ও থানা পুলিশের সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে টেপাখড়িবাড়ী একতা বাজার ও তেলিবাজার তিস্তা পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন, ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আফসার আলী, আনোয়ার হোসেন, লোকমান, পুলিশ সদস্য রবিউল ইসলাম ও ঠাকুরদাস, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আরেফিন ও ক্যামেরাম্যান আবু রায়হানসহ আরো অনেকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা নদীতে দীর্ঘদিন ধরে বোমা মেশিন ব্যবহার করে একটি চক্র অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল। গতকাল চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন নদী থেকে পাথর উত্তোলন বন্ধের ঘোষণা দেন। তবে বুধবার সকালে ওই চক্রটি আবারো পাথর উত্তোলন শুরু করে। খবর পেয়ে চেয়ারম্যান কয়েকজন গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলে পাথর উত্তোলনকারী চক্রের সদস্যরা তার ওপর হামলা চালায়।
এতে চেয়ারম্যান ও সঙ্গে থাকা গ্রাম পুলিশের সদস্যরা গুরুতর আহত হন। পরে খবর পেয়ে থানা পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে অন্তত দুইজন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে দায়িত্বরত চিকিৎসক চেয়ারম্যানসহ তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। টেপাখড়িবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির আফসার আলী বলেন, চেয়ারম্যান পাথর উত্তোলন বন্ধ করতে গেলে হামলার শিকার হন এবং এতে প্রায় ২০ জন আহত হয়েছেন।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জান জানান, আহত চেয়ারম্যান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হচ্ছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার বলেন, পাথর উত্তোলন বন্ধ করতে গিয়ে চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে পুলিশের সদস্যরা আহত হন এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
ইউটি/;টিকে