দেশের ৭ জেলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
ছবি: সংগৃহীত
১০:০৩ এএম | ২০ মার্চ, ২০২৬
দেশের ৭ জেলায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলেও সৌদি আরবসহ বিশ্বের মুসলিম দেশের সঙ্গে মিল রেখেই আজ শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপন করা হচ্ছে।
এদিন জামালপুর, চাঁদপুর, লালমনিরহাট, ভোলা, নোয়াখালী, শরীয়তপুর ও রাজধানী ঢাকার পান্থপথে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত।
পান্থপথে এই ঈদের নামাজ আয়োজন করে মুসলিম উম্মাহ বাংলাদেশ নামে একটি সংগঠন। তারা বলছে, কুরআন-সুন্নাহ, জ্যোতির্বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উলামা-মাশায়েখসহ ওআইসি’র সর্বোচ্চ ফিকহ একাডেমি আইআইএফএ গৃহীত সিদ্ধান্ত অনুসারে বিশ্বব্যাপী অভিন্ন হিজরি তারিখ ও বারে অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশও ঈদের সালাত অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে আজ নোয়াখালীর তিনটি উপজেলার পাঁচটি গ্রামের কাদেরিয়া তরিকার অনুসারীরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। প্রায় শতবর্ষের পুরোনো ঐতিহ্য অনুসারে তারা প্রতিবছর এক দিন আগেই ঈদ পালন করে থাকেন।
জানা গেছে, বেগমগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার পাঁচটি গ্রামের দুই শতাধিক মুসল্লি এ উপলক্ষে আজ সকাল ৮টায় পৃথক পৃথক জামাতে ঈদের নামাজ আদায় করেন। জেলার ১০টি মসজিদে এ নামাজ অনুষ্ঠিত হয়।
এছাড়া ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
শরীয়তপুর জেলার প্রায় ৩০টি গ্রামে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ প্রায় দেড় শতাব্দীর ঐতিহ্য অনুসরণ করে জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফকেন্দ্রিক হাজারো মুসল্লি এক দিন আগেই ঈদের নামাজ আদায় করছেন।
ইউটি/টিকে