প্রতিপক্ষের হামলায় গোপালগঞ্জে আহত ১০
ছবি: সংগৃহীত
১২:৫৪ পিএম | ২০ মার্চ, ২০২৬
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় একটি টিনের ঘরের ভেতরে অগ্নিসংযোগ, লুটপাট ও মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের শেখ রুহুল আমীনের সঙ্গে জমিজমা নিয়ে একই গ্রামের জাকারিয়া শেখ জাকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর জাকারিয়া শেখ, তার চাচাতো ভাই জালাল শেখ ও তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শেখ রুহুল আমীনের বাড়িতে গিয়ে হামলা করে। এতে মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে রুহুল আমীন, তার স্ত্রী আকিরুন্নেছা বেগম, দুই ছেলে মিনাজুল ইসলাম নাসিম এবং সবুজ শেখসহ অন্তত ১০ জন আহত হন।
এসময় বাড়ির একটি টিনের ঘরে অগ্নিসংযোগ করে লুটপাট ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি তদন্ত চলছে। মামলার প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসকে/টিকে