যুদ্ধকালীন পরিস্থিতিতেও ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান: আইআরজিসি
ছবি: সংগৃহীত
০৪:২৯ পিএম | ২০ মার্চ, ২০২৬
বাহিনীটির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাঈনি জানিয়েছেন, যুদ্ধকালীন চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তেহরান সফলভাবে তাদের ক্ষেপণাস্ত্র নির্মাণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
শুক্রবার (২০ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদপত্রে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এর মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
জেনারেল নাঈনি বলেন, তাদের ক্ষেপণাস্ত্র শিল্প বর্তমানে ২০-এ ২০ পাওয়ার যোগ্য এবং এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধের মধ্যেও তারা যেভাবে ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং মজুত করে চলেছেন, তা সত্যিই অসাধারণ এবং এ ক্ষেত্রে কোনো ঘাটতি বা সমস্যা নেই।
এর আগে, বৃহস্পতিবার (১৮ মার্চ) ইসরায়েলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির আর কোনো সক্ষমতা অবশিষ্ট নেই। ইসরায়েল জয়ী হচ্ছে এবং ইরান ক্রমশ বিধ্বস্ত হচ্ছে বলে মন্তব্য করেছিলেন তিনি।
ইরানের জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে জেনারেল নাঈনি বলেন, শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলবে। দেশ থেকে যুদ্ধের কালো ছায়া সম্পূর্ণভাবে দূর হওয়ার মাধ্যমেই কেবল এ সংঘাতের চূড়ান্ত অবসান ঘটতে পারে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সূত্র: আলজাজিরা
এমআর/টিকে