© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্য যুদ্ধের দ্রুত সমাপ্তি দেখছে না ফ্রান্স

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্য যুদ্ধের দ্রুত সমাপ্তি দেখছে না ফ্রান্স

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৯ পিএম | ২০ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের দ্রুত অবসানের কোনো ইঙ্গিত দেখছেন না ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো। তিনি বলেন, পরিস্থিতি জটিল হলেও, স্থায়ী সমাধান খুঁজে বের করতে ফ্রান্স ও তার মিত্ররা কাজ চালিয়ে যাবে।

শুক্রবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ব্যারো ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-ইসরায়েল সংঘাত শুরুর কথা উল্লেখ করেন। তিনি বলেন, ওই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা শুরু হয়েছে, তা এখনো অব্যাহত রয়েছে। এর স্বল্পমেয়াদি সমাধান হবে বলে মনে হচ্ছে না। তবে এই পরিস্থিতি কোনোভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়কে নিষ্ক্রিয় থাকার কারণ হতে পারে না।

এর আগে লেবানন সফর করে তিনি জানান, দক্ষিণ লেবাননে সম্ভাব্য ইসরায়েলি স্থল অভিযান নিয়ে ফ্রান্স উদ্বেগ জানিয়েছে। একই সঙ্গে তিনি বলেন, লেবানন সরকারের নির্দেশ অনুযায়ী দেশটির সেনাবাহিনীকে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এদিকে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাত শুরুর পর থেকে ফ্রান্স কূটনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়ার চেষ্টা করছে। তারা একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে অবৈধ ও অনুমোদনহীন উল্লেখ করে নিন্দা জানিয়েছে। অন্যদিকে, আঞ্চলিক অস্থিরতার জন্য ইরানকেও দায়ী করছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, এসব হামলার বিষয়ে ফ্রান্সকে আগে থেকে কোনোরকম জানানো হয়নি। এতে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না এবং এখনও নেই।

বিষয়টি নিয়ে বিশ্লেষকদের মত, ফ্রান্সের এই অবস্থান কূটনৈতিক ভারসাম্য রক্ষার এক ধরনের কৌশল।

সূত্র: আল-জাজিরা

এমআর/এসএন 

মন্তব্য করুন