পারসিয়ান নতুন বছরের বার্তায় মোজতবা খামেনি বললেন ‘শত্রুরা পরাজিত হচ্ছে’
ছবি: সংগৃহীত
১০:৩৩ পিএম | ২০ মার্চ, ২০২৬
পারসিয়ান নতুন বছর নওরোজ উপলক্ষে দেওয়া বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ‘শত্রুরা পরাজিত’ হচ্ছে।
লিখিত বার্তায় তিনি বলেন, দেশের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সেটিই শত্রুকে দুর্বল করে দিয়েছে। ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক ভিন্নতা থাকা সত্ত্বেও ইরানিরা একসঙ্গে দাঁড়িয়েছে।
খামেনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল, কয়েকদিনের হামলার পরই ইরানের জনগণ সরকারবিরোধী হয়ে উঠবে। কিন্তু এই ধারণা ছিল সম্পূর্ণ ভুল।
তিনি বলেন, এই যুদ্ধ শুরু হয়েছিল এমন ধারণা থেকে- শীর্ষ নেতৃত্ব ও প্রভাবশালী সামরিক ব্যক্তিদের হত্যা করা গেলে জনগণের মধ্যে ভয় ও হতাশা তৈরি হবে। এরপর ইরানকে নিয়ন্ত্রণ করা এবং ভেঙে ফেলার পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে।
মোজতবা খামেনি বলেন, কিন্তু বাস্তবে তার উল্টো ঘটেছে। আক্রমণের মুখে ইরানের ভেতরে ‘অদ্ভুত এক ঐক্য’ গড়ে উঠেছে। অন্যদিকে শত্রুপক্ষের ভেতরেই বিভাজন দেখা দিয়েছে।
উল্লেখ্য, নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখনো প্রকাশ্যে আসেননি মোজতবা খামেনি।
এমআর/এসএন