চট্টগ্রাম বিমানবন্দরে আরো ৪ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত
০৩:৫৪ এএম | ২১ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা তীব্রতর হওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল শুক্রবারও মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত ৪টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংকটে এ পর্যন্ত মোট ১৫৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের কবলে পড়ল। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সারা দিনে ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ১টি অ্যারাইভাল (আগত) ও ১টি ডিপার্চার (গমনকারী) ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া সালাম এয়ারের মধ্যপ্রাচ্য থেকে আগত ও প্রস্থানকারী আরো ২টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়।
ফ্লাইট বিপর্যয়ের মধ্যেও আজ বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৭টি অ্যারাইভাল এবং ৪টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল। তবে পরিস্থিতির কারণে যাত্রীদের মধ্যে উদ্বেগ কাটছে না।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রাম অভিমুখী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো অপরিবর্তিত রয়েছে। যুদ্ধ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এসব রুটে স্বাভাবিক চলাচল নিয়ে অনিশ্চয়তা কাটছে না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বমোট ১৫৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাসহ সাধারণ যাত্রীরা।
আইকে/এসএন