ঈদের জামাতের টাকা তোলা নিয়ে টাঙ্গাইলে দুই পক্ষের সংঘর্ষ
ছবি: সংগৃহীত
০৮:০২ পিএম | ২১ মার্চ, ২০২৬
টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের নামাজের টাকা তোলাকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুই পক্ষের সংঘর্ষের ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, হাতাহাতির একপর্যায়ে পুকুরে চলে যায়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আগে থেকেই মতবিরোধ চলছিল। বিশেষ করে ঈদের নামাজ উপলক্ষ্যে অর্থ সংগ্রহ এবং ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব বিরাজ করছিল। শনিবার সকালে ঈদের জামাত আদায় শেষে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষে কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উভয় পক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, এ ঘটনার বিষয়টি জানতে পেরেছি। কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআই/টিকে