© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

শেয়ার করুন:
ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫০ এএম | ২২ মার্চ, ২০২৬
ফরিদপুরের আলফাডাঙ্গায় ঈদের দিনে ফুপাতো ভাইয়ের মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে জিহাদ শেখ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। 

শনিবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার বানা ইউনিয়নের আরাজী বানা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ শেখ উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। সে একই ইউনিয়নের শিয়ালদী আলিয়া মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে জিহাদের ফুপাতো ভাই রনি মিয়া (১৭)। সে মোটরসাইকেলের পেছনে ছিল এবং মোটরসাইকেল চালাচ্ছিল জিহাদ শেখ। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আলফাডাঙ্গার শিয়ালদী গ্রামের ফুপাতো ভাই রনির মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় জিহাদ ও রনি। ঘোরাঘুরির একপর্যায়ে তারা বানা ইউনিয়নের আরাজী বানা এলাকায় পৌঁছালে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন ইটভাটার ট্রলিতে পরিবহন করা মাটি সড়কে পড়ে ছিল। টানা দুই দিনের বৃষ্টিতে সেই মাটি পিচ্ছিল হয়ে ওঠে। ওই সড়কে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং জিহাদ ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুমন রায় বলেন, হাসপাতালে আনার আগেই জিহাদ শেখের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত বলেন, বৃষ্টির কারণে সড়কের মাটি ভিজে পিচ্ছিল হয়ে যায়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং জিহাদ মোটরসাইকেলের নিচে চাপা পড়ে নিহত হয়। 

তিনি জানান, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি ছিটকে অনেক দূরে চলে যায় এবং এর নিচে চাপা পড়ায় এই দুর্ঘটনা ঘটে।


ইউটি/টিএ

মন্তব্য করুন