‘শত্রুদের জাহাজ’ বাদে সবার জন্য হরমুজ প্রণালী খোলা: ইরান
ছবি: সংগৃহীত
০১:৪৪ পিএম | ২২ মার্চ, ২০২৬
শত্রুদের জাহাজ বাদে অন্য সবার জন্য হরমুজ প্রণালী খোলা আছে বলে জানিয়েছে ইরান। রোববার (২২ মার্চ) জাতিসংঘের সামুদ্রিক বিষয়ক সংস্থার ইরানি দূত আলি মৌসাভি এ তথ্য জানান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড গতকাল রাতে হুমকি দিয়েছেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে হরমুজ উন্মুক্ত করে দিতে হবে। নয়ত ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। তার এ হুমকির পর ইরান জানাল, শত্রুদের জাহাজ বাদে সবার জন্য হরমুজ খোলাই আছে।
ইরানের দূত বলেছেন, উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তার ব্যাপারে আন্তর্জাতিক ম্যারিটাইম সংস্থার সঙ্গে কাজ করতে প্রস্তুত আছে ইরান।
তিনি জানিয়েছেন, যেসব জাহাজের সঙ্গে ইরানের শত্রুদের সংশ্লিষ্টতা নেই তারা সহজেই হরমুজ দিয়ে যেতে পারবে। অন্য দেশের জাহাজকে শুধুমাত্র ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিরাপত্তার বিষয়টি সমন্বয় করতে হবে। অর্থাৎ ইরানকে জানিয়ে জাহাজ আনতে হবে।
ইরানি এ কূটনীতিক বলেছেন, “ইরান কূটনীতিকে প্রাধান্য দেয়। এটি এখনো অব্যাহত আছে। তবে তার আগে হামলা অবশ্যই সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং পারস্পরিক বিশ্বাস অর্জন করতে হবে। হরমুজে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটির মূল কারণ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা।”
সূত্র: রয়টার্স
এসকে/এসএন