আইসিজেতে ইসরাইলের প্রতি সমর্থন প্রত্যাহার করল জার্মানি
ছবি: সংগৃহীত
০২:৫৭ পিএম | ২২ মার্চ, ২০২৬
ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাতিগত হত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলায় ইসরাইলের পক্ষে অবস্থান নেয়া থেকে সরে দাঁড়িয়েছে জার্মানি।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা যখন এ মামলা দায়ের করেছিল, তখন ইসরাইলকে সমর্থনের প্রতিশ্রুতি দিলেও এখন পিছু হটার সিদ্ধান্ত নিলো বার্লিন।
গত বুধবার (১৮ মার্চ) জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, দ্য হেগের এই মামলায় বার্লিন ইসরাইলের পক্ষে হস্তক্ষেপ করবে না।
২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা জাতিসংঘের সর্বোচ্চ আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করেছিল। ২০২৪ সালের জানুয়ারিতে জার্মানি ঘোষণা করেছিল, তারা ইসরাইলকে সমর্থন দেবে এবং দক্ষিণ আফ্রিকার অভিযোগগুলো ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছিল।
দক্ষিণ আফ্রিকা যখন গাজায় হামলার মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে জেনোসাইড কনভেনশন বা গণহত্যা–বিষয়ক সনদ লঙ্ঘনের অভিযোগ এনে মামলা করে, তখন পশ্চিমা দেশগুলোর মধ্যে বার্লিনই প্রথম ইসরাইলের পাশে দাঁড়িয়েছিল। সে সময় তারা যুক্তি দিয়েছিল যে গণহত্যার এ অভিযোগের ‘কোনো ভিত্তি নেই’।
তবে এখন ইসরাইলের বিরুদ্ধে জার্মানির পদক্ষেপ দেশটির প্রকাশ্য অবস্থানে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, জার্মানির এ সিদ্ধান্তের পেছনে আইসিজেতে তাদের নিজস্ব আইনি জটিলতা জড়িয়ে আছে। নিকারাগুয়ার দায়ের করা আলাদা এক মামলায় বর্তমানে নিজেদের রক্ষা করতে হচ্ছে বার্লিনকে।
নিকারাগুয়ার অভিযোগ, ইসরাইলকে রাজনৈতিক, সামরিক ও আর্থিক সহায়তা দেয়ার মাধ্যমে জার্মানি আন্তর্জাতিক আইন ও জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করছে।
সূত্র: টাইমস অব ইসরাইল
এমআর/এসএন