© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার আইনি ভিত্তি নেই: সাবেক ন্যাটো প্রধান

শেয়ার করুন:
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার আইনি ভিত্তি নেই: সাবেক ন্যাটো প্রধান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০১ পিএম | ২২ মার্চ, ২০২৬
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাবেক মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি হামলার কোনো আইনি ভিত্তি নেই। সেই সঙ্গে ইরান যুদ্ধে জড়িত সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক সংলাপ পুনরায় শুরু করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন তিনি।

২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ন্যাটোর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন নরওয়ের এই রাজনীতিক। বর্তমানে দেশটির অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ শনিবার (২১ মার্চ) স্প্যানিশ দৈনিক এল পাইসকে সাক্ষাৎকার দেন। তাতে তিনি বলেন, ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার আইনি ভিত্তি নেই।

সাক্ষাৎকারে যুদ্ধের বিরোধিতা করার এবং মধ্যপ্রাচ্যে আরও হামলার জন্য মার্কিন সামরিক বাহিনীকে স্প্যানিশ ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের স্পেনের সিদ্ধান্তকে সমর্থন করেন কি না- এমন এক প্রশ্নের জবাবে ন্যাটোর সাবেক এই প্রধান সংঘাতের একটি সমাধান খুঁজে বের করার জন্য পক্ষগুলোকে সংযম প্রদর্শন এবং যত দ্রুত সম্ভব কূটনৈতিক সংলাপ পুনরায় শুরু করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, নরওয়ে ইরানের জনগণের বিরুদ্ধে দেশটির শাসকগোষ্ঠীর সহিংসতার সুস্পষ্ট নিন্দা করেছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।

১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ন্যাটো তার সবচেয়ে খারাপ সময়গুলোর একটির মধ্যদিয়ে যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তঃআটলান্টিক সম্পর্কে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়েছে।

তিনি উল্লেখ করেন, ‘কিন্তু একই সাথে, এটা স্বীকার করতেই হবে যে ইউরোপ তার নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কয়েক দশক ধরে নজিরবিহীন প্রচেষ্টা চালাচ্ছে।’ স্টলটেনবার্গ আরও বলেন: ‘মিত্রদের মধ্যে সবসময়ই কিছু মতপার্থক্য ছিল। আমি নিশ্চিত যে আমরা একে অপরকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকব।’

নরওয়ের অর্থনীতিতে ইরান যুদ্ধের প্রভাব এবং একটি প্রধান তেল রফতানিকারক দেশ হিসেবে অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান মূল্য থেকে দেশটি লাভবান হবে কি না, এই বিষয়ে তিনি সংশয় প্রকাশ করে বলেন যে, এই মূল্যবৃদ্ধি নরওয়ের জন্য লাভজনক হবে কিনা তা স্পষ্ট নয়।

তিনি আরও যোগ করেন, ‘আমাদের সার্বভৌম সম্পদ তহবিলের মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক বাজারে নরওয়ের এখন উল্লেখযোগ্য সম্পৃক্ততা রয়েছে। অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি আমাদের যতটা সাহায্য করছে, তার চেয়ে শেয়ার বাজারের পতন আমাদের বেশি ক্ষতি করছে।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরারে যৌথ সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা হয়েছেন। এছাড়া ১৪ শতাধিক বেসামরিক প্রাণ হারিয়েছেন।

জবাবে ইরান ইসরাইল ও আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সম্পদ ও স্বার্থ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। অব্যাহত এই হামলায় দেশগুলোতে হতাহতের ঘটনা ঘটছে এবং বেসামরিক অবকাঠামোর ক্ষতি হচ্ছে। 

টিকে/

মন্তব্য করুন