© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাজ্যকে সরাসরি লক্ষ্যবস্তু করার মতো সক্ষমতা বা পরিকল্পনা তেহরানের নেই: স্টিভ রিড

শেয়ার করুন:
যুক্তরাজ্যকে সরাসরি লক্ষ্যবস্তু করার মতো সক্ষমতা বা পরিকল্পনা তেহরানের নেই: স্টিভ রিড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫১ পিএম | ২২ মার্চ, ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা নিয়ে উদ্বেগ থাকলেও যুক্তরাজ্যকে সরাসরি লক্ষ্যবস্তু করার মতো সক্ষমতা বা পরিকল্পনা তেহরানের নেই বলে জানিয়েছেন ব্রিটিশ মন্ত্রী স্টিভ রিড।

আজ রোববার (২২ মার্চ) স্কাই নিউজকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যুক্তরাজ্যে হামলা চালাতে পারে- এমন কোনো নির্দিষ্ট গোয়েন্দা মূল্যায়ন নেই। এমনকি চাইলেও তারা তা করতে পারবে কি না, সেটিও নিশ্চিত নয়।

প্রথমে ‘না’ করলেও ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। যার প্রেক্ষিতে ব্রিটিশ সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

শুধু তা-ই নয়, সতর্কতা হিসেবে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটির সামরিক বাহিনী।

ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, নিক্ষিপ্ত দুটি ক্ষেপণাস্ত্রের একটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়, আর অন্যটি গন্তব্যে পৌঁছাতে পারেনি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের পর এটাই ইরানের সবচেয়ে দীর্ঘপাল্লার আক্রমণ হিসেবে ধরা হচ্ছে।

ইসরাইল এরই মধ্যে সতর্ক করে বলেছে, ইরান যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য অংশে হামলা চালাতে পারে। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে রিড বলেন, ‘এ বিষয়ে ইসরাইলের কাছেই জানতে হবে।’ তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাজ্য এই সংঘাতে জড়াবে না, তবে নিজেদের নাগরিক ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার শুরুতে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। কারণ হিসেবে এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আশঙ্কা ছিল বলে জানায়। তবে পরে সেই অনুমতি দেয়া হয়। যুক্তি হিসেবে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে মিত্রদের স্বার্থ রক্ষায় সীমিতভাবে সেই অনুমতি দেয়া হয়।

গত শনিবার (২১ মার্চ) সেই অনুমতির পরিধি বাড়ানো হয়েছে। এখন হরমুজ প্রণালী এলাকায় বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রেও হামলা চালানোর সুযোগ দেয়া হয়েছে। রিড বলেন, যুক্তরাজ্য পরিস্থিতি শান্ত করার পক্ষেই রয়েছে। তবে ব্রিটিশ স্বার্থে আঘাত এলে তার জবাব দেয়া হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী ৪৮ ঘণ্টার মধ্যে খুলে দেয়ার হুমকি দিলেও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ মন্ত্রী। তিনি বলেন, ‘এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই কথা বলবেন।’

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

এসকে/টিকে

মন্তব্য করুন