© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন জনের

শেয়ার করুন:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৮ এএম | ২৩ মার্চ, ২০২৬
ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

শনিবার (২১ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঢাকার বাংলামোটর নিউ ইস্কাটন এলাকার মোক্তাদুর রহমানের ছেলে মো. মোর্শেদ (৪০), ফরিদপুরের বটতলা জাজিরা এলাকার মজিবুর মোড়লের ছেলে সোহাগ মোড়ল (২৬) ও দোয়েল পরিবহনের সুপারভাইজার মো. কাউছার (৩৫)। 

এ ঘটনায় মো. রানা (৪০), মো. সোহেলসহ (৩০) অন্তত পাঁচজন আহত হয়েছেন। তারা ঢাকার নিউমার্কেট এলাকায় কাপড়ের ব্যবসা করতেন।

পুলিশ, নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ) ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি ব্রিজের মেরামত কাজ চলছিল। ব্রিজের আগে গতিরোধকে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্সের যাত্রী-চালকরা গাড়ি থেকে নেমে কথা কাটাকাটি করার সময় পেছনে মোটরসাইকেল ও আরও কিছু গাড়ির জট লেগে যায়।

তার কিছুক্ষণ পর একই পথে বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ঢুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দোয়েল পরিবহনের সুপারভাইজার ও দুই বাসের দুইজন যাত্রী নিহত হন। নিহত মোর্শেদের বন্ধু সুমন বলেন, মোর্শেদ রাজধানীর বাংলামোটর ফরহাদ মার্কেটের ব্যবসায়ী ছিলেন। রাতে শ্যামলী পরিবহনের বাসে ঢাকা থেকে তার স্ত্রী ও দুই কন্যা সন্তান এবং বন্ধুদের সঙ্গে নিয়ে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে তাদের বাসটি দুর্ঘটনার শিকার হলে স্ত্রী-সন্তানদের গাড়িতে রেখে সে বাইরে নেমে আসে। এ সময় বেপরোয়া গতির আরেকটি বাস এসে তাদের ওপর চাপা দিলে সেখানেই মোর্শেদসহ মোট তিনজন প্রাণ হারান।

ফেনীর জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে যদি সহায়তা চাওয়া হয় সেক্ষেত্রে নিয়মানুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পাশে থাকব। এখন পর্যন্ত আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি।’

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত দুইটি বাস ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


ইউটি/টিএ

মন্তব্য করুন