মেহেরপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু'পক্ষের সংঘর্ষ, আহত ২৫
ছবি: সংগৃহীত
০১:৪৭ এএম | ২৪ মার্চ, ২০২৬
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দবির হোসেন ও ফরমান আলী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় আজ সকালে। বিএনপি নেতা দবির উদ্দীন ও তার অনুসারীরা স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্বাস আলীর বাবা-মাকে মারধর করে আহত করেন। সাহারবাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরমান আলী এ ঘটনার প্রতিবাদ জানালে দবির উদ্দীনের লোকজন তাকেও মারধর করে। মূলত এরই জেরে আজ রাতে উভয় পক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এই ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের মধ্যে ফরমান আলী গ্রুপের আসমাউল হুসনা (২৬), মুকুল হোসেন (৪৫), আসিফ হোসেন (২৫), তকুল হোসেন (৫০), শরিফুল ইসলাম (৪৩), হামিদুল ইসলাম (৫০), আইনাল হক (৬০) ও বরকত আলীকে (৪০) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, দবির হোসেন গ্রুপের আহত রিয়া খাতুন (৪০), মিঠুন আলী (৩২), উজ্জল হোসেন (৩৮), মুন্তাজ আলী (৫০), শরিফুল ইসলাম (৪৩) ও রফিকুল ইসলামকে (৬০) চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। এলাকায় নতুন করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
এসএস/টিএ