© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেয়ার করুন:
বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৭ পিএম | ২৪ মার্চ, ২০২৬
শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের ব্যাংক সলভেন্সি বা ব্যাংক গ্যারান্টির সমস্যা সমাধানে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী নুরুল হক নুর সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, জাপান, কোরিয়া, চীন ও জার্মানির মতো উন্নত দেশগুলোতে পড়তে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের বড় একটি বাধা হলো ব্যাংক সলভেন্সি বা গ্যারান্টি দেখানো। এই সমস্যার স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করা হয়।

এর ফলে মধ্যবিত্ত ও মেধাবী শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার পথ আরো সহজ হবে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং শ্রমবাজারের ভবিষ্যৎ নিয়ে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, যুদ্ধের ফলে অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে, তা পুনর্গঠনে ভবিষ্যতে প্রচুর জনশক্তির প্রয়োজন হবে। এটি বাংলাদেশের জন্য বড় একটি সম্ভাবনা। তবে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন ভাষা শিক্ষার ওপর।

তিনি বলেন, ‘আমাদের কর্মীরা ভাষা না জানার কারণে কম বেতনের কাজ করেন। তৃতীয় কোনো ভাষা (যেমন—জাপানি বা জার্মান) শিখলে তারা অনেক ভালো বেতন ও সম্মানজনক চাকরি নিশ্চিত করতে পারবেন।’

বর্তমানে ইউরোপের অনেক দেশের ভিসার জন্য বাংলাদেশিদের ভারতে যেতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। প্রধানমন্ত্রী এই ভোগান্তি কমাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যেন সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশে তাদের কনস্যুলার সেবা বা অফিস নিশ্চিত করে।

ইতিমধ্যে বেশ কিছু দেশ এই প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া জাপানে ১ লাখ দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে যে সমঝোতা স্মারক সই হয়েছে, তা দ্রুত কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

মন্তব্য করুন