© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জ্বালানি তেলের ১ মাসের মজুত আছে : মন্ত্রিপরিষদ সচিব

শেয়ার করুন:
জ্বালানি তেলের ১ মাসের মজুত আছে : মন্ত্রিপরিষদ সচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১০ পিএম | ২৫ মার্চ, ২০২৬
দেশে বর্তমানে জ্বালানি তেলের এক মাসের মজুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।  বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। পাশাপাশি তেলের মজুত বাড়াতে বিভিন্ন উৎস থেকে তেল কেনা হচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী আজকে দিনভর ব্যস্ত ছিলেন। সকালে জ্বালানি পরিস্থিতি নিয়ে একটা বৈঠক হয়েছে, যেখানে অর্থমন্ত্রী ছিলেন, জ্বালানি মন্ত্রী ছিলেন। আন্তর্জাতিক যে ক্রাইসিসটা আমরা জানি- সরকার আসলে কী ভাবছে? প্রধানমন্ত্রী আসলে কী বলছেন? জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বিষয়টি রিভিউ করার জন্যে সরকারি যত সামর্থ্য আছে, সমস্ত কিছু সেগুলো যাচাই করেছেন। উনি দেখেছেন যে কীভাবে চলছে, কাজ কী কী অগ্রসর হয়েছে, মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে এবং আমাদের কী অবস্থা আছে। আমি জাস্ট সংক্ষেপে এটুকু বলতে পারি যে, আমাদের এর আগে জেনারেলি (সাধারণত) ১৫ দিনের একটা মজুত থাকত। তো এখন পর্যন্ত রিজার্ভ সাফিশিয়েন্ট (পর্যাপ্ত) রয়েছে।’

মানুষ আতঙ্কে তেল কিনছে জানিয়ে নাসিমুল গনি বলেন, ‘এইগুলো (জ্বালানি তেল) তো অতিরিক্ত কিনলে নষ্টই হবে বলে মনে হয়। তো এইগুলো হচ্ছে কিছু। তো সেটা হয়ত আর কয়েকদিন পরে কেটে যাবে মানুষের মধ্যে আস্থা ফেরত আসলে। সরকার আগামী খুব শীঘ্রই যে প্ল্যান নেওয়া হয়েছে, তাতে এই রিজার্ভটা আরও বড় করার চেষ্টা করা হচ্ছে।’

কত দিনের মজুত আসলে আছে, ১৫ দিনের কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘না, এখন এক মাসের- এক মাসের মতো আছে আমার কাছে।’ এক মাসের মজুত কোন কোন তেলের আছে- জানতে চাইলে তিনি বলেন, ‘সব তেলেরই আছে।’

জেট ফুয়েলের যেহেতু দাম বেড়েছে, তো সেক্ষেত্রে কি মানে মানুষ প্যানিকড হচ্ছে যে তেলের দাম বাড়তে পারে- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘না, জেট ফুয়েলের দাম সবকিছুরই তো বাইরে দাম বেড়েছে না? এটার কতগুলা ব্যাপার আছে। না হলে এখানে তো অন্য দেশের এয়ারলাইন্সও আসে। আসে না বাংলাদেশে? তারা তেল ফুরায় গেলে কি বোম্বে থেকে জেরিকেন পাঠায় তেল নিয়ে আসে? তা তো করে না, এখান থেকে কেনে। তখন আমরা একটু লসে পড়ে যাই। বুঝতে পেরেছেন কথাটা? সেইজন্যে বিমান তো ব্যবসা আন্তর্জাতিক যে রেট আছে সেই রেটে চলছে।’

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘যেগুলো মিস করছি (চুক্তির পরও পাওয়া যাচ্ছে না) আমরা, এগুলো স্পট মার্কেট থেকে কিনতে হয়। এটা যখন আসে, সিদ্ধান্তটা দিতে হয় তাদেরকে ১০ ঘণ্টার মধ্যে। ফলে এগুলো ইয়ে করার পরে ঝট করে মিটিংটা করতে হয়। এলে আমরা খুব বেশি সময় পাই না এটার জন্যে।’

জ্বালানি তেলের দাম বাড়ানোর গুজব শোনা যাচ্ছে- এ বিষয়ে তিনি বলেন, ‘এ সম্বন্ধে আমি অবগত নই এবং এ রকম কোনো লক্ষণও দেখতে পাচ্ছি না। তাহলে তো প্রথম দিকেই করতে পারত।’

আরআই/এসএন

মন্তব্য করুন