পদ্মায় তলিয়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার
ছবি: সংগৃহীত
১২:৩৩ এএম | ২৬ মার্চ, ২০২৬
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজার ক্রেন দিয়ে বাসটি উপরে তোলা হয়।
এর আগে, বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটে দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মায় পড়ে যায় সৌহার্দ্য পরিবহনের বাসটি। এ বাসে যাত্রী ছিল ৪৫ থেকে ৫০ জনের মতো। এর মধ্যে ৭ জন সাঁতরে উপরে উঠতে সক্ষম হয়েছেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এসএম মাসুদ জানান, ফেরিঘাট থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে দুই নারীর মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪০ জনের মতো যাত্রী পানির নিচে রয়েছে।
নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস-কোস্ট গার্ডের ডুবুরি দলের তল্লাশি চলছে। এছাড়া পুলিশ ও সেনাবাহিনীর দলও উদ্ধার কাজে অংশ নিয়েছে।
এমআর/টিকে