© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮ মাসে রাজস্ব আদায়ে ঘাটতি ৭১৪৭২ কোটি টাকা

শেয়ার করুন:
৮ মাসে রাজস্ব আদায়ে ঘাটতি ৭১৪৭২ কোটি টাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৭ এএম | ২৬ মার্চ, ২০২৬
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) রাজস্ব আদায়ে ধাক্কা খেল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় কম হয়েছে প্রায় ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। তবে বছর ব্যবধানে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১২.৩৬ শতাংশ।

বুধবার (২৫ মার্চ) এনবিআরের রাজস্ব আদায়ের হালনাগাদ চিত্রে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ২৫ হাজার ৮০২ কোটি টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৩০ কোটি টাকা; অর্থাৎ ঘাটতি ৭১ হাজার ৪৭২ কোটি টাকা।

জুলাই-ফেব্রুয়ারি সময়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও আয়কর-এই তিন খাতের মধ্যে কোনো খাতেই লক্ষ্য অর্জন হয়নি। সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। আট মাসে ঘাটতি হয়েছে ৩৩ হাজার ৩৭৩ কোটি টাকা। এই খাতে আদায়ের লক্ষ্য ছিল ১ লাখ ১৮ হাজার ৫০৯ কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ৮৫ হাজার ১৩৬ কোটি টাকা।

আমদানি খাতে আট মাসে ৮৯ হাজার ৭৮ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৭১ হাজার ৯১২ কোটি টাকা। এই খাতে ঘাটতি হয়েছে ১৭ হাজার ১৬৬ কোটি টাকা।
গত জুলাই-ফেব্রুয়ারি মাসে ভ্যাট বা মূসক আদায় হয়েছে ৯৭ হাজার ২৮১ কোটি টাকা। এ সময়ে এই খাতের লক্ষ্য ছিল ১ লাখ ১৮ হাজার ২১৩ কোটি টাকা। এই খাতে ঘাটতি ২০ হাজার ৯৩২ কোটি টাকা।

তবে চলতি অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১২.৩৬ শতাংশ। আগের বছর একই সময়ে (জুলাই-ফেব্রুয়ারি) আদায় হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৩৪৬ কোটি টাকা।
এছাড়া শুধু ফেব্রুয়ারি মাস হিসাবেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। এই মাসে ৪২ হাজার ৫১ কোটি টাকার রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩০ হাজার ৫৬১ টাকা। ঘাটতি ১১ হাজার ৪৯০ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও বছর ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ৮.১৬ শতাংশ।

টিজে/এসএন 
 

মন্তব্য করুন