মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৭:৩২ পিএম | ২৬ মার্চ, ২০২৬
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আন্ত জেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শ্রীমঙ্গল থানাধীন আশিদ্রোণ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আব্দুল মুকিত কিবরিয়া (৩৮), নানু মিয়া (৩৪) ও শাহ আলম (৩৪)।
পুলিশ সূত্র জানায়, গত ২৩ মার্চ রাত আনুমানিক আড়াইটার দিকে ভুক্তভোগী ফাহিম মিয়া তার টয়োটা করোলা প্রাইভেটকারটি সৈয়ারপুর রিয়াছত উল্লা সড়কে ভাড়াটিয়া বাসার সামনে তালাবদ্ধ করে রেখে বাসায় যান। পরদিন সকাল সাড়ে ১০টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, গাড়িটি চুরি হয়ে গেছে। পরে অনেক খোঁজাখুঁজি করেও গাড়ির সন্ধান না পেয়ে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।
এদিকে, অজ্ঞাতপরিচয় প্রতারকরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে গাড়ি ফেরত দেওয়ার কথা বলে ২ লাখ টাকা দাবি করে। সরল বিশ্বাসে ভুক্তভোগী বিকাশের মাধ্যমে ধাপে ধাপে মোট ৬১ হাজার ৫০০ টাকা প্রদান করেন। কিন্তু টাকা নেওয়ার পরও প্রতারকরা গাড়ি ফেরত দেয়নি।
পরবর্তীতে ভুক্তভোগী মৌলভীবাজার সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখায় অভিযোগ দায়ের করলে ডিবি পুলিশ গাড়িটি উদ্ধারে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা সংঘবদ্ধভাবে গাড়ি চুরি করে এবং শ্রীমঙ্গলের আশিদ্রোণ ইউনিয়নের টিকরিয়া গ্রামের রাধামাধব জিউর আখড়ার পাশে গাড়িটি লুকিয়ে রাখে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে পুলিশ অভিযান চালিয়ে চোরাই প্রাইভেটকারটি উদ্ধার করে জব্দ করে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, ‘এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
এসএস/এসএন