© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিমানবন্দরে কিডনি বেচাকেনা চক্রের সদস্য আটক

শেয়ার করুন:
বিমানবন্দরে কিডনি বেচাকেনা চক্রের সদস্য আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৩ এএম | ২৭ মার্চ, ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুনায়েদ হোসেন খান লিংকন নামে আন্তর্জাতিক কিডনি বিক্রি চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় লিংকনকে আটক করে সিটি-এসবির সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের কাছে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিটিএসবির তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ পাকিস্তানগামী আন্তর্জাতিক কিডনি বিক্রির এক সদস্যকে আটক করে। এক ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

জানা যায়,ফেসবুকের মাধ্যমে জুনায়েদের সাথে পরিচয় হয় ভিকটিমের। কিছুদিন মেসেঞ্জারে কথা বলার এক পর্যায়ে জুনায়েদ ভিকটিমকে ৫ লাখ টাকার বিনিময়ে তার একটি কিডনি বিক্রি করে দেওয়ার জন্য প্রলুব্ধ করতে থাকেন। ভিকটিম এক পর্যায়ে রাজি হলে জুনায়েদ তাকে ঢাকায় এনে পাকিস্তানের ভিসা করিয়ে আজ বিমানবন্দরে পাঠান। সিটি-এসবি গোপনসূত্রে জানতে পেরে জুনায়েদকে আটক করে ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে। ইমিগ্রেশন পুলিশ ভিকটিম ও আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় তাদেরকে বিমানবন্দর থানায় হস্তান্তরের জন্য নিয়ে গেছে। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। 

আরও জানা যায়, জুনায়েদ আন্তর্জাতিক কিডনি বিক্রি চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে জানা যায়। তারা বাংলাদেশ থেকে লোকজনকে টাকার লোভ দেখিয়ে ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশে মানবপাচারের মাধ্যমে কিডনি বিক্রি করে থাকে।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন বলেন, ইমিগ্রেশন পুলিশ আসামিকে হস্তান্তর করার জন্য থানায় নিয়ে এসেছে। হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে এবং একটি মামলাও প্রক্রিয়াধীন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আরআই/টিএ

মন্তব্য করুন