© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সব ধর্ম-বর্ণের মানুষের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
সব ধর্ম-বর্ণের মানুষের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৭ এএম | ২৭ মার্চ, ২০২৬
ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিক যেন তাদের নিজস্ব অধিকার ও পূর্ণ মর্যাদা নিয়ে বসবাস করতে পারে, বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় বাসন্তী পূজা উপলক্ষে ঐতিহাসিক রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে হিন্দু সম্প্রদায়ের ভক্ত ও পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি মুক্ত পরিবেশে সবাই যেন নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারে, প্রধানমন্ত্রী সেই সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন।

রাজশাহীতে বিজয় দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ করা যাবে না- জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যের এমন নির্দেশনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ আখ্যায়িত করেন প্রতিমন্ত্রী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে সব ধর্মগ্রন্থ থেকে পাঠ করার রীতি রয়েছে। কোনো সংসদ সদস্য একক সিদ্ধান্তে এটি বন্ধ করতে পারেন না। এটি হওয়া উচিত নয়।’

তিনি বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। দোষী সাব্যস্ত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণের ইঙ্গিতও দেন তিনি।

পরিদর্শনকালে মন্দিরের পরিচালনা কমিটির নেতারা এবং হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গীতা পাঠ করা যাবে না বলে নির্দেশ দেয়ার অভিযোগ উঠেছে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের বিরুদ্ধে। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানকে মোবাইল ফোনে তিনি এ নির্দেশনা দেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ইউএনও নাঈমা খান। তবে এমপির এমন নির্দেশনা না মেনেই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পবিত্র কোরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা পাঠও করানো হয়।

এসকে/টিএ

মন্তব্য করুন