পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযান, ২৫ বোতল ভারতীয় মদ জব্দ
ছবি: সংগৃহীত
০৬:০০ এএম | ২৭ মার্চ, ২০২৬
পঞ্চগড়ের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নীলফামারী-৫৬ ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা উপজেলার প্রধানপাড়া (বেরুবাড়ী) এলাকায় এ অভিযান চালানো হয়।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা মদের আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫০০ টাকা। বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বোদা থানার প্রধানপাড়া (বেরুবাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫৬ বিজিবির মালকাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার শাহিনুল আলমের নেতৃত্বে অংশ নেয়। তারা সীমান্ত পিলার ৭৭৫/১০-এস/১২ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনাল কর্নেল সিরাজুল ইসলাম দেশের একটি গণমাধ্যম জানান, সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো মূল্যে চোরাচালান রোধে কঠোর নজরদারি বজায় রাখা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
আরআই/টিএ