শপথের আগেই জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
১১:২৮ এএম | ২১ আগস্ট, ২০২৬
বঙ্গভবনে শপথ নেয়ার আগেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সসমধাস্থিলে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে তাদের সমাধিস্থলে যাবেন মির্জা ফখরুল। সেখানে শ্রদ্ধা জানানোর পর দোয়া-মোনাজাত করবেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণণা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন। ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিরোধীদলীয় নেতাসহ অন্য সংসদ সদস্যরাও একে একে তাকে অভিনন্দন জানান।
পরে রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা এক সরকারি গেজেটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ধারা ১১ এবং ‘রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১’-এর বিধি ১২(৬) অনুযায়ী নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, বর্তমানে স্পিকারের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই তাকে শপথ পড়াবেন।
নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাইলে বিষয়টি নিশ্চিত করা হয়। আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী, সংবিধান অনুসারে স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন।
এর আগে গত ২৪ জুলাই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
পরে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এবার প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কেএন/টিএ