প্রেশার কুকার কি তবে পরান সিনেমার সিক্যুয়েল!
ছবি: সংগৃহীত
০৫:০৮ পিএম | ২৭ মার্চ, ২০২৬
ঈদে মুক্তি পাওয়া নির্মাতা রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে চলছে তুমুল আলোচনা। এবার এই সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মুগ্ধতা ও দারুণ এক আবিষ্কারের কথা প্রকাশ করেছেন ‘পরান’ সিনেমার চিত্রনাট্যকার শাহজাহান সৌরভ। ২৬ মার্চ রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রেশার কুকার সিনেমায় শুধু পরান নামের চ্যাপ্টারই নয় লুকিয়ে আছে পুরোনো সিনেমার আরও অনেক নস্টালজিক চমক।

শাহজাহান সৌরভ তার পোস্টে লেখেন, অনেকেই হয়তো ইতোমধ্যে জেনে গেছেন প্রেশার কুকার সিনেমার বিভিন্ন চ্যাপ্টারের নাম রাফীর আগের সিনেমাগুলোর নামে রাখা হয়েছে। যেমন পরান, সুড়ঙ্গ, তুফান, তাণ্ডব এবং প্রেশার কুকার। তবে নিজের লেখা সিনেমা হওয়ায় সৌরভ সহজেই ধরতে পেরেছেন প্রেশার কুকারের ভেতর পরানের আরও অনেক গভীর মিল রয়ে গেছে। তিনি জানান, পরান সিনেমায় নায়িকার নাম ছিল অনন্যা, যে ইন্টারমিডিয়েট পরীক্ষায় দুবার ফেল করেছিল। আশ্চর্যের বিষয় হলো প্রেশার কুকারের পরান চ্যাপ্টারেও নায়িকার নাম এবং তার দুবার ফেল করার বিষয়টি হুবহু মিলে যায়।
পাশাপাশি পরান সিনেমায় ট্রেন রেলস্টেশন ও ফুটওভার ব্রিজের অনেক দৃশ্য ছিল। প্রেশার কুকারেও নায়িকা ও তার প্রেমিকের প্রথম দেখা হয় ঠিক একই রকম পরিবেশে। সৌরভ জানান, প্রেশার কুকারের পরান চ্যাপ্টারে পুরোনো সেই আইকনিক ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বিজিএম শুনতে পেয়ে তার গায়ে রীতিমতো কাঁটা দিয়ে ওঠে। নিখুঁত এই মিলগুলো দেখে তিনি এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েন যে মজা করে বলেন, টেকনিক্যালি প্রেশার কুকারকে নিজের সিনেমা বলতে তার কোনো বাধা নেই।
পিআর/টিএ