© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না: সামিয়া আফরিন

শেয়ার করুন:
সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না: সামিয়া আফরিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৯ পিএম | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন মডেল, অভিনয়শিল্পী ও উপস্থাপিকা সামিয়া আফরিন। কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ার বিষয়টি আগেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। চিকিৎসার এক পর্যায়ে এসে মাথার চুল ফেলে দিয়েছেন সামিয়া। ন্যাড়া মাথার ছবি প্রকাশ করে নিজের বর্তমান রূপ ও অনুভূতির কথা জানিয়েছেন তিনি।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সামিয়া লিখেছেন, ‘জীবন সব সময় আমাদের ইচ্ছেমতো গল্প লেখে না, কিন্তু প্রতিটি অধ্যায়ের মধ্যেই লুকিয়ে থাকে কোনো না কোনো সৌন্দর্য।’

ন্যাড়া মাথার ছবি প্রকাশ করে নিজের পরিবর্তিত রূপ নিয়ে সামিয়া আরও লিখেছেন, ‘জীবনে কিছু কিছু বিষয় আমাদের পছন্দের নয়; কিন্তু মেনে নিতে হয়। কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়, কিন্তু সেগুলোও আপন করে নিতে হয়। আর আমি সেটিই করছি- নিজের এই রূপ গ্রহণ করছি, মেনে নিচ্ছি এবং নিজের মতো করে আপন করে নিচ্ছি।’



সৌন্দর্য যে শুধু চেহারা কিংবা চুলের মধ্যে সীমাবদ্ধ নয়, সেই উপলব্ধির কথাও জানিয়েছেন সামিয়া। তার ভাষায়, ‘চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। আসল সৌন্দর্য হলো নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারা।’

জীবনের এই সময়টিকে কঠিন একটি অধ্যায় হিসেবে দেখছেন সামিয়া। তবে পরিস্থিতি যেমনই হোক, ইতিবাচক থাকার বার্তা দিয়েছেন তিনি। পোস্টের শেষে সামিয়া লিখেছেন, ‘পরিস্থিতি যেমনই হোক, বেঁচে থাকার প্রতিটি মুহূর্তই একেকটি উপহার। জীবন সুন্দর-শুধু তাকে সুন্দর করে দেখার চোখটা আমাদের নিজের হতে হয়।’

এরপর তিনি লিখেছেন, ‘আমার জীবনের প্রতিটি পর্যায়ের জন্য আলহামদুলিল্লাহ। আর ইনশা আল্লাহ, এই সময়টাও একদিন কেটে যাবে।’

প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন সামিয়া আফরিন। ২০২২ সালের এপ্রিলের দিকে তার কোলন ক্যানসার শনাক্ত হয়। সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসার পর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হলে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি।

তবে চলতি বছর আবার তার শরীরে ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয়। এবার ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচারের পর বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন সামিয়া।চিকিৎসার এই কঠিন সময়েও নিজের পরিবর্তিত রূপকে মেনে নেওয়ার কথা জানিয়ে সামিয়া যে বার্তা দিয়েছেন, তাতে ফুটে উঠেছে তার ইতিবাচক থাকার চেষ্টা ও জীবনের প্রতি কৃতজ্ঞতা।


এসএ/টিএ


মন্তব্য করুন