গাইবান্ধার পলাশবাড়ী থানায় হামলার ঘটনায় জামায়াত নেতা মিজান গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৬:১৫ পিএম | ২৭ মার্চ, ২০২৬
গাইবান্ধার পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় মিজানুর রহমান মিজান (৩৫) নামে জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, ভোররাতে পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির এবং উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি। তিনি গৃধারীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাবা গোলাম মোস্তফাকেও আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। ডিবির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, তদন্তে মিজানের হামলার সঙ্গে সরাসরি ও পরোক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সময় তার উপস্থিতি, আসামিদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ এবং তার বাসায় প্রধান আসামিসহ কয়েকজনের অবস্থানের তথ্য মিলেছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পলাশবাড়ী থানার এসআই মো. রেজাউল করিম বলেন, জিজ্ঞাসাবাদে মিজান হামলার অন্যান্য আসামিদের আশ্রয় দেওয়া ও পলাতকদের সঙ্গে যোগাযোগের বিষয়টি স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ২৫ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে পলাশবাড়ী থানার ভেতরে এ হামলার ঘটনা ঘটে। কালিবাড়ি বাজারের একটি সরকারি বরাদ্দকৃত দোকানের মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এতে ওসি সরোয়ার আলম খানসহ অন্তত ৯ জন পুলিশ সদস্য আহত হন। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে, হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশের পর থেকে জড়িতদের গ্রেপ্তারে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।
এমআর/টিএ