© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রামচরণ-উপাসনার মেয়ের খাবার ঘিরে নতুন আলোচনা!

শেয়ার করুন:
রামচরণ-উপাসনার মেয়ের খাবার ঘিরে নতুন আলোচনা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩১ পিএম | ২৭ মার্চ, ২০২৬
দক্ষিণী তারকা রামচরণ ও তাঁর স্ত্রী উপাসনার সন্তানকে ঘিরে সাম্প্রতিক এক খাদ্যাভ্যাসের তথ্য সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় এসেছে। উপাসনা জানিয়েছেন, তাঁদের মেয়ের দৈনন্দিন খাদ্যতালিকায় নিয়ম করে রাখা হয়েছে রাগি দিয়ে তৈরি কাঞ্জি একটি সহজ কিন্তু পুষ্টিগুণে ভরপুর পানীয়, যা শিশুদের শারীরিক বিকাশে বিশেষ উপকারী বলেই মনে করছেন তিনি।

দক্ষিণ ভারতের ঘরোয়া খাদ্যসংস্কৃতিতে কাঞ্জি বহুদিনের পরিচিত। কখনও ভাত ভিজিয়ে, কখনও দুধ, দই বা শস্য মিশিয়ে তৈরি হয় এই তরল খাবার। তবে উপাসনা মেয়ের জন্য যে কাঞ্জি তৈরি করেন, তার মূল উপাদান রাগি এক ধরনের শস্য, যা ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন ও আঁশে সমৃদ্ধ।



শিশুদের বেড়ে ওঠার সময়ে হাড় মজবুত রাখা, রক্তের ঘাটতি কমানো এবং হজমশক্তি ভালো রাখতে রাগি বেশ কার্যকর বলে পুষ্টিবিদদের মত। এতে গ্লুটেন না থাকায় অনেক শিশুর পেটের সমস্যাও কম হয়। সহজে হজম হয় বলে অল্প বয়সী শিশুদের জন্য এটি নিরাপদ খাবারের তালিকায় রাখা হয়। দীর্ঘ সময় পেট ভরা রাখে বলেও বারবার অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা কমে।

উপাসনার মতে, নিয়মিত এই পানীয় খাওয়ানোর ফলে মেয়ের অসুখবিসুখও তুলনামূলক কম হচ্ছে। বিশেষ করে সকালের খাবার বা বিকেলের হালকা নাশতায় এটি দেওয়া হলে শিশু সহজে গ্রহণ করে।

রাগির কাঞ্জি তৈরির প্রক্রিয়াও বেশ সহজ। রাগির আটা জলে গুলে ধীরে ধীরে ফুটিয়ে ঘন করা হয়। পরে ঠান্ডা করে দই মেশানো হয়। আলাদা করে ঘি বা সামান্য তেলে সর্ষে, জিরে, আদা, পেঁয়াজকুচি, কারিপাতা ও অল্প কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে সেই মিশ্রণে যোগ করা হয়। এতে স্বাদ বাড়ে, আবার পুষ্টিগুণও অক্ষুণ্ন থাকে।

শিশুর বয়স, হজমক্ষমতা এবং শারীরিক প্রয়োজন অনুযায়ী খাদ্যতালিকায় নতুন কিছু যোগ করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। তবে ঘরোয়া এই সহজ পানীয় এখন অনেক পরিবারের কাছে শিশুদের স্বাস্থ্যকর বিকল্প খাবার হিসেবে জায়গা করে নিচ্ছে।

পিআর/টিএ

মন্তব্য করুন