চট্টগ্রামে তেল কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশনকে জরিমানা
ছবি: সংগৃহীত
০৭:৫৮ পিএম | ২৭ মার্চ, ২০২৬
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় এক অভিযানে প্রায় ৫ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করার পাশাপাশি তেল কম দেওয়ার দায়ে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) পরিচালিত এই যৌথ অভিযানে অবৈধ জ্বালানি মজুত ও ওজনে কারচুপির প্রমাণ মেলায় এই ব্যবস্থা নেওয়া হয়।
শুক্রবার (২৭ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসন, ডিজিএফআই এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার। তাকে সহযোগিতা করেন বিএসটিআই বিভাগীয় অফিসের পরীক্ষক মো. রাশেদ।
অভিযান চলাকালে পতেঙ্গা এলাকার একটি বেনামি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে আনুমানিক ৫ হাজার লিটার অবৈধ ডিজেল, পাম্প ও অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে এসব মালামাল জব্দের নির্দেশ দেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
একই অভিযানে কাটগড় এলাকার আম্বিয়া ফিলিং স্টেশন নামের একটি পেট্রলপাম্পের ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। সেখানে দেখা যায়, প্রতি ৫ লিটার অক্টেন সরবরাহে ৭০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছে। ওজনে কারচুপির এই অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’-এর ২৯/৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট ডিসপেন্সিং ইউনিটটি পুনরায় যাচাইয়ের (ক্যালিব্রেশন) নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওই ফিলিং স্টেশনের অন্যান্য ডিসপেন্সিং ইউনিট যাচাই করে সেগুলো সঠিক পাওয়া গেছে বলে অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসএস/টিএ