মল্লিক বাড়ির পূজায় নজর কাড়লেন কোয়েল!
ছবি: সংগৃহীত
০৮:৩৩ পিএম | ২৭ মার্চ, ২০২৬
কলকাতার ঐতিহ্যবাহী মল্লিক বাড়িতে আবারও উৎসবের আবহ। মা অন্নপূর্ণার আরাধনাকে ঘিরে এ দিন সকাল থেকেই ব্যস্ত ছিল পুরো পরিবার। সেই বিশেষ দিনের কিছু মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নেন কোয়েল মল্লিক, আর তার পর থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয় আলোচনা।
অষ্টমী তিথিতে বাড়ির দালানজুড়ে সাজানো হয় পূজার আয়োজন। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ফুল, প্রদীপ আর ভক্তিময় পরিবেশে জমে ওঠে পারিবারিক এই অনুষ্ঠান। ছবিতে দেখা যায়, কখনও পূজার প্রস্তুতিতে ব্যস্ত কোয়েল, কখনও পরিবারের সদস্যদের সঙ্গে কাটাচ্ছেন নিরিবিলি সময়। উৎসবের কেন্দ্রবিন্দুতে থেকেও তাঁর উপস্থিতিতে ছিল সহজ, ঘরোয়া সৌন্দর্য।

এই দিনে সিঁদুরে-আলতা রঙের শাড়িতে সাবেকি সাজে ধরা দেন তিনি। সাধারণ সাজসজ্জাতেই আলাদা করে নজর কাড়ে তাঁর উপস্থিতি। পাশে ছিলেন তাঁর বাবা রঞ্জিত মল্লিক ও পরিবারের অন্য সদস্যরা। একসঙ্গে পূজার কাজে ব্যস্ত এই পরিবারকে ঘিরে যেন তৈরি হয় এক অন্য আবেগ।
মল্লিক বাড়ির এই পূজা বরাবরই পারিবারিক মিলনের এক বিশেষ উপলক্ষ। আড্ডা, হাসি আর ভক্তির আবহ মিলিয়ে প্রতি বছরই এই আয়োজন আলাদা মাত্রা পায়। কোয়েলের শেয়ার করা ছবিতেও সেই উষ্ণতা স্পষ্ট। ছোট্ট ক্যাপশনে শুধু ‘অন্নপূর্ণা পূজা’ লিখেই তিনি জানিয়ে দেন দিনের অনুভূতি, আর তাতেই সাড়া দেন অনুরাগীরা।
অভিনয় থেকে কিছু সময় দূরে থাকার পর এখন আবার নিয়মিত কাজের জগতে ফিরেছেন কোয়েল। পাশাপাশি জনজীবনের বিভিন্ন ক্ষেত্রেও তাঁর সক্রিয়তা বাড়ছে। তবে পারিবারিক ঐতিহ্যের এমন দিনে তারকা পরিচয়ের বাইরে তিনি যেন একেবারেই পরিবারের মেয়ে হয়ে ওঠেন।
পিআর/টিএ