তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে, এটা ঠিক না: আইজিপি
ছবি: সংগৃহীত
১০:২০ পিএম | ২৭ মার্চ, ২০২৬
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির তরুণদের কথায় কথায় রাস্তায় নেমে অবরোধ করার প্রবণতার সমালোচনা করেছেন। তিনি জানান, একটি শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গড়তে হলে নাগরিকদেরও আইন মেনে চলা জরুরি। কারণে-অকারণে তরুণদের এমন অবরোধ কর্মসূচি সবার জন্যই ক্ষতিকর বলে তিনি মন্তব্য করেন।
গত ৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ অন্যান্য প্রাণহানির ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, প্রতিটি ঘটনার ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় যা হওয়ার তা-ই হবে। দেশের আর্থসামাজিক অবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, সমাজে বিপুলসংখ্যক শিক্ষিত বেকার রয়েছেন, আর বিদেশে অর্থ পাচার হওয়ার কারণে ব্যাংকগুলোর অবস্থাও বেশ নাজুক। এমন পরিস্থিতিতে তরুণরা মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। তবে মাদকের বিরুদ্ধে পুলিশের 'জিরো টলারেন্স' নীতির কথা তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে আইজিপি দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে দেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন উপহার দিয়েছে। বর্তমান সংকটের মধ্যে জ্বালানি তেলের কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, দু-একটি পাম্প থেকে তেল কিনে সামান্য বেশি দামে বিক্রি করে খুব একটা লাভবান হওয়া যায় না, এক্ষেত্রে আমাদের নৈতিক চিন্তাধারার উন্নতি প্রয়োজন।
ঢাকা থেকে শুরু করে সব বিভাগীয় শহরকে স্মার্ট ও সেফ সিটি হিসেবে গড়ে তোলার জন্য পুলিশের পক্ষ থেকে সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং এর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে, জামিন পাওয়ার পর আওয়ামী লীগ নেতাদের অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার দেখাতে রাজশাহী রেঞ্জ ডিআইজির দেওয়া চিঠির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে, বিষয়টি তদন্তাধীন থাকায় আইজিপি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এসএস/টিএ