© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোখরোর সামনে কেক নিয়ে জন্মদিনের আয়োজন, ভাইরাল দৃশ্য

শেয়ার করুন:
গোখরোর সামনে কেক নিয়ে জন্মদিনের আয়োজন, ভাইরাল দৃশ্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৪ পিএম | ২০ আগস্ট, ২০২৬
পোষা বিড়াল-কুকুরের জন্মদিন পালন করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যায়। কেক কাটা, মোমবাতি জ্বালানো থেকে শুরু করে নানা আয়োজন থাকে সেখানে। কিন্তু তাই বলে বিষধর গোখরোর জন্মদিন পালন। এমনই এক অদ্ভুত ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি টেবিলের ওপর ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে একটি বিষধর গোখরো। তাকে ঘিরে কয়েকজন তরুণ দাঁড়িয়ে গান গাইছেন। টেবিলের ওপর রাখা হয়েছে একটি কেক। কেক কাটার সময় তরুণদের হাততালি দিতেও দেখা যায়।

সবচেয়ে অবাক করার বিষয়, ফণা তুলে থাকা সাপটির একেবারে কাছেই দাঁড়িয়ে ছিলেন তারা। তবে পুরো আয়োজনজুড়ে গোখরোটিকে শান্তই দেখা গেছে। সাপটি নির্বিকারভাবে ফণা তুলে দাঁড়িয়ে থাকলেও তাকে ঘিরে উৎসবে মেতে ওঠেন তরুণরা।

জানা গেছে, নাগপঞ্চমীর দিন গোখরোটিকে সামনে রেখে এই আয়োজন করা হয়। ভিডিওটি ‘জীব_দয়া_ফাউন্ডেশন_সমিতি’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে ভিডিওটি কয়েক লাখবার দেখা হয়েছে এবং এতে ৮৫ হাজারের বেশি লাইক পড়েছে।

ভিডিওটি দেখে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছেন, ‘সাপ ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।’ আরেকজনের মন্তব্য, ‘সাপটা নিজেই বুঝতে পারছে না কী হচ্ছে।’ কেউ আবার সতর্ক করে লিখেছেন, ‘নিজের হাতে ওকে কেক খাওয়ানোর চেষ্টা করবেন না।’

তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

সর্পবিদদের মতে, গোখরো অত্যন্ত বিষধর ও বিপজ্জনক সাপ। এর বিষ স্নায়ুতন্ত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে। কামড়ের পর আক্রান্ত ব্যক্তির দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, শ্বাসকষ্ট ও পক্ষাঘাতের মতো গুরুতর উপসর্গ দেখা দিতে পারে। চিকিৎসা না পেলে পরিস্থিতি প্রাণঘাতীও হতে পারে।

তাই বিষধর সাপের খুব কাছে গিয়ে ছবি তোলা, ভিডিও করা কিংবা তাকে ঘিরে কোনো ধরনের আয়োজন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

অদ্ভুত এই ‘জন্মদিন’ আয়োজনের ভিডিও দেখে কেউ মজা পেলেও, বিষধর সাপটির এত কাছে গিয়ে এমন উদ্‌যাপন কতটা নিরাপদ— সেই প্রশ্নই এখন উঠছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এফআর/এসএন

মন্তব্য করুন