© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খাগড়াছড়িতে জ্বালানি সংকটে গাড়ি না পেয়ে অটোরিকশায় বরযাত্রা

শেয়ার করুন:
খাগড়াছড়িতে জ্বালানি সংকটে গাড়ি না পেয়ে অটোরিকশায় বরযাত্রা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১১ এএম | ২৮ মার্চ, ২০২৬
ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা শুরুর পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট প্রকট হয়ে উঠেছে। আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে তীব্রভাবে। প্রতিদিন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি নিয়ে নানা ধরনের খবর ও পোস্ট ছড়িয়ে পড়ছে, যা এখন ট্রেন্ডিং ইস্যুতে পরিণত হয়েছে।

এই জ্বালানি সংকটের মধ্যেই খাগড়াছড়িতে দেখা মিলেছে এক ব্যতিক্রমী বরযাত্রার। জেলার তরুণ সাংবাদিক সমীর মল্লিকের চোখে ধরা পড়ে ঘটনাটি। জ্বালানি সংকটের কারণে ভাড়ায় চালিত গাড়ি পাওয়া যাচ্ছে না ঠিকমতো, আর পাওয়া গেলেও দিতে হচ্ছে বাড়তি ভাড়া। এমন পরিস্থিতিতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মধ্য বেতছড়ি গ্রামের শাহিন আলম ৩০ কিলোমিটার দূরে সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের গঞ্জপাড়া গ্রামে কনের বাড়ির উদ্দেশে রওনা দেন ভিন্ন উপায়ে।


পথিমধ্যে কথা হলে শাহিন আলম জানান, বিয়ের দিন নির্ধারিত থাকলেও কোনোভাবেই গাড়ি পাওয়া যাচ্ছিল না, আবার তারিখ পরিবর্তনের সুযোগও ছিল না। বাধ্য হয়ে তিনি ৩টি অটোরিকশায় ১৫ জন যাত্রী এবং কয়েকটি মোটরসাইকেল নিয়ে কনের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেন। যাত্রাপথে তিনি সবার কাছে দোয়া কামনা করেন, যেন যাতায়াত নিরাপদ হয় এবং তার দাম্পত্য জীবন সুখের হয়। 

সাংবাদিক সমীর মল্লিকের পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের মন্তব্যই আসতে থাকে। তবে এর মাধ্যমে জ্বালানি সংকটে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র স্পষ্ট হয়ে ওঠে।


এদিকে, জ্বালানি সংকটের অজুহাতে ঈদের ছুটি শুরুর আগ থেকেই খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন উপজেলায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় পরিবহন সিন্ডিকেটগুলো আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ রয়েছে।


ইউটি/টিএ 

মন্তব্য করুন