কয়েক সপ্তাহ ধরে জীবনে ঝড় বয়ে যাচ্ছে: বাদশা
ছবি: সংগৃহীত
০৪:৩৩ পিএম | ২৮ মার্চ, ২০২৬
কয়েক সপ্তাহ ধরেই একের পর এক বিতর্কের কেন্দ্রে নাম উঠছে বাদশা এর। প্রথমে নতুন গান ঘিরে সমালোচনা, পরে আচমকা ছড়িয়ে পড়ে তাঁর বিয়ের একটি দৃশ্যধারণ, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় জোর আলোচনা। কিন্তু এত দিন পুরো বিষয়টি নিয়ে নীরব ছিলেন এই গায়ক।
অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। সাম্প্রতিক সময়ে লন্ডন এ একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে শ্রোতাদের সামনে নিজের অনুভূতির কথা জানান বাদশা। সেখানে তিনি বলেন, গত কয়েক সপ্তাহে তাঁর জীবনের উপর দিয়ে এমন এক ঝড় বয়ে গেছে, যার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। বাইরে থেকে অনেক কিছু স্বাভাবিক মনে হলেও ভেতরের বাস্তবতা যে ভিন্ন, সেই ইঙ্গিতও দেন তিনি।
সম্প্রতি আরেকটি গান ঘিরেও সমালোচনার মুখে পড়েছিলেন নোরা ফাতেহি। সেই ঘটনায় নোরা প্রকাশ্যে দুঃখপ্রকাশ করলেও বাদশা তখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। তাই তাঁর এই বক্তব্যকে অনেকেই দীর্ঘ নীরবতার পর প্রথম স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন।

লন্ডনের মঞ্চে দাঁড়িয়ে বাদশা আরও জানান, তিনি এখন জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করছেন। সামনে তাঁর গানেও আসবে নতুন ধারা। নিজেকে সেই কাজের মধ্যেই ডুবিয়ে রেখেছেন বলে জানান তিনি। একই সঙ্গে বিতর্কের সময়েও অনুরাগীদের ভালোবাসা যে কমেনি, সে জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
তবে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল, সেই বিয়ের প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি তিনি। ফলে বিয়ের খবর সত্যি কি না, তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। বরং তাঁর সংযত অবস্থান নতুন করে জল্পনাকেই আরও উসকে দিয়েছে।
এখন অনুরাগীদের অপেক্ষা, বিতর্কের পর বাদশার নতুন গান কতটা ভিন্ন সুরে সামনে আসে, আর ব্যক্তিগত জীবনের রহস্য কবে তিনি নিজেই খোলাসা করেন।
পিআর/টিএ