© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হবিগঞ্জে ২ কোটি ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

শেয়ার করুন:
হবিগঞ্জে ২ কোটি ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩০ এএম | ২৯ মার্চ, ২০২৬
হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের পৃথক অভিযানে আনুমানিক ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের বিশাল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ, মেহেদী, ৭০ বোতল মদ এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) ভোররাত থেকে জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ২৮ মার্চ ভোররাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালালে ট্রাকটিতে ভাঙ্গারি মালামাল বহনের আড়ালে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ ও মেহেদী পাওয়া যায়। এমনকি গাড়ির পাটাতনের নিচেও বিশেষভাবে গোপন চেম্বার তৈরি করে এসব পণ্য রাখা হয়েছিল। পরে সেগুলো উদ্ধার করে ট্রাকসহ জব্দ করা হয়।

অন্যদিকে, পৃথক অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুরের তেলিয়াপাড়া চা-বাগান এলাকা থেকে ২৩ বোতল এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে আরও ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। অভিযানের সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারিরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, জব্দকৃত সকল পণ্যের সিজার মূল্য আনুমানিক ২ কোটি ৪০ লাখ টাকা। এসব অবৈধ পণ্য সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


ইউটি/টিএ


মন্তব্য করুন