© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁপাইনবাবগঞ্জে ‘তেল নাই’ লেখা পাম্পে সাড়ে ১৩ হাজার লিটার তেল, জরিমানা

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ‘তেল নাই’ লেখা পাম্পে সাড়ে ১৩ হাজার লিটার তেল, জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৪ এএম | ২৯ মার্চ, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নয়ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৩ হাজার লিটার জ্বালানি তেলের মজুত পাওয়া গেছে। পর্যাপ্ত তেল মজুত থাকলেও 'তেল নাই' ব্যানার টাঙিয়ে সরবরাহ বন্ধ রাখার দায়ে স্টেশন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পুকুরিয়া এলাকার ওই ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল।

অভিযান সূত্রে জানা যায়, ২০০৯ সালের সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারায় জ্বালানি তেল মজুত রাখার অপরাধে স্টেশন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুতকৃত ওই জ্বালানি তেল উপস্থিত মোটরসাইকেল আরোহীদের কাছে জনপ্রতি ২০০ টাকার তেল হিসেবে বিক্রি করার ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল বলেন, 'পুকুরিয়া এলাকার নয়ন ফিলিং স্টেশনে প্রায় সাড়ে ১৩ হাজার লিটার তেল থাকলেও "তেল নাই" লেখা ব্যানার টাঙিয়ে সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ অপরাধে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।' একই সঙ্গে তাৎক্ষণিকভাবে চালকদের কাছে তেল বিক্রির কার্যক্রম শুরু করা হয়।

এমআই/এসএন  

মন্তব্য করুন