© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সাইয়ারা’ ছবির প্রচার কৌশলের প্রশংসায় শাহরুখ

শেয়ার করুন:
‘সাইয়ারা’ ছবির প্রচার কৌশলের প্রশংসায় শাহরুখ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৫ পিএম | ২৯ মার্চ, ২০২৬
গত বছরের অন্যতম সফল ছবি ‘সাইয়ারা’-র বক্স অফিস সাফল্য ছাপিয়ে এখন আলোচনায় এর প্রচার কৌশল। ছবির পরিচালক মোহিত সুরি জানিয়েছেন, প্রথাগত প্রচারের বাইরে গিয়ে দুই নতুন মুখ আহান পান্ডে এবং অনীত পাড্ডাকে মিডিয়ার আড়ালে রাখার যে সিদ্ধান্ত তারা নিয়েছিলেন, তার ভূয়সী প্রশংসা করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ৩২৫ কোটি রুপি আয় করা এই ছবির সাফল্যের নেপথ্যে প্রচারের চেয়ে গানকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন নির্মাতারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মোহিত সুরি জানান, সিদ্ধার্থ আনন্দের এক দিওয়ালি পার্টিতে শাহরুখ খানের সঙ্গে তার দেখা হয়।

সেখানে শাহরুখ তাকে বলেন, ছবির দুই প্রধান অভিনেতাকে সাধারণের চোখের আড়ালে রাখার সিদ্ধান্তটি ছিল দুর্দান্ত। গতানুগতিকভাবে শহর ঘুরে প্রচার বা সাক্ষাৎকার দেওয়ার বদলে সেই অর্থ ও সময় ছবির সঙ্গীতের পেছনে ব্যয় করেছিলেন নির্মাতারা। পরিচালকের মতে, বড় কোনো তারকা না থাকায় তারা চেয়েছিলেন দর্শক যেন সরাসরি ছবির গল্পের সঙ্গে যুক্ত হতে পারে।

আহান পান্ডেকে ছবির প্রধান চরিত্র ‘কৃষ কাপুর’ হিসেবে বেছে নেওয়াটা সহজ ছিল না।



মোহিত সুরি জানান, আদিত্য চোপড়া প্রস্তাব দিলেও প্রথম দেখায় আহানকে তার বড্ড ‘মিষ্টি ও নরম’ স্বভাবের মনে হয়েছিল। এ কারণে দুই-তিনটি মিটিংয়ের পর তিনি আহানকে ফিরিয়েও দিয়েছিলেন। কিন্তু পরে আহানের পরিশ্রম ও অভিনয়ের প্রতি নিষ্ঠা দেখে তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন।

কোনো বড় তারকার উপস্থিতি ছাড়াই ‘সাইয়ারা’ দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে।

শেষ পর্যন্ত বক্স অফিসে ৩২৫ কোটি রুপি আয় করে ছবিটি বছরের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্রের তালিকায় নাম লেখায়।

সূত্র : ভ্যারাইটি ইন্ডিয়া

এসকে/এসএন

মন্তব্য করুন