প্রশংসিত ‘ধুরন্ধর’, ‘আইসি ৮১৪’ ঘিরে হতাশা দিয়া মির্জার
ছবি: সংগৃহীত
০৩:৩৬ পিএম | ২৯ মার্চ, ২০২৬
সম্প্রতি নিজের অভিনীত সিরিজ ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’ এবং সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী দিয়া মির্জা। গত ১৯ মার্চ মুক্তি পাওয়া আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমাটি বর্তমানে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই সিনেমার বিপুল জনপ্রিয়তার প্রসঙ্গ টেনেই দিয়া তার সিরিজের সঙ্গে একটি সুস্পষ্ট তুলনা তুলে ধরেন। তিনি জানান যেখানে ‘ধুরন্ধর’ সিনেমার বুক ঠুকে দেখানো জাতীয়তাবাদী উপস্থাপনাকে সবাই প্রশংসা করছে সেখানে তার সিরিজটিকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে দিয়া এই বিষয়ে খোলামেলা কথা বলেন। ১৯৯৯ সালের বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে নির্মিত ‘আইসি ৮১৪’ সিরিজে উগ্র জাতীয়তাবাদের বদলে তুলনামূলক সংযত ও সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি দেখানো হয়েছিল। দিয়া সরাসরি বলেন আমাদের শোটিকে সমালোচনা করা হয়েছিল কারণ এতে সন্ত্রাসীদেরও মানবিকভাবে উপস্থাপন করা হয়েছে। বর্তমান সময়ের প্রবণতা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন এখন আমরা উগ্র জাতীয়তাবাদ অনেক বেশি উদযাপন করছি এবং এটি উপভোগ করার একটা প্রবণতা তৈরি হয়েছে যা আমাদের শোতে ছিল না। তবে এই সংযত উপস্থাপনের জন্য তার কোনো আক্ষেপ নেই বলেও স্পষ্ট জানান এই অভিনেত্রী।

শিল্পী হিসেবে নিজের সামাজিক দায়বদ্ধতার জায়গাতেও বেশ সোচ্চার দিয়া মির্জা। কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমির আদর্শে অনুপ্রাণিত দিয়া বিশ্বাস করেন শিল্প যদি মানুষের জীবনকে উন্নত করতে কাজে না লাগে তবে সেই শিল্পের কোনো অর্থ নেই। রাজনৈতিকভাবে সচেতন এই অভিনেত্রী জানান তিনি যে গল্পগুলো বেছে নেন তার মাধ্যমেই নিজের অবস্থান পরিষ্কার করেন। প্রভাবশালী শক্তির সঙ্গে একমত না হওয়ার কারণে তাকে নিয়মিত ট্রোলিং ও ভয়ভীতির শিকার হতে হয় বলেও অকপটে স্বীকার করেন তিনি।
উল্লেখ্য ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ হলো স্পাই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি। প্রথম সিনেমাটি গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়ে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে বিপুল আয় করেছিল। নতুন সিনেমায় রণবীর সিং একজন আন্ডারকভার গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। এতে আরও আছেন সঞ্জয় দত্ত অর্জুন রামপাল ও আর মাধবনের মতো তারকারা। অন্যদিকে গত বছরের আগস্টে মুক্তি পাওয়া অনুভব সিনহার ‘আইসি ৮১৪’ সিরিজে দিয়ার সঙ্গে ছিলেন বিজয় ভার্মা ও নাসিরুদ্দিন শাহের মতো গুণী অভিনয়শিল্পীরা। কাকতালীয়ভাবে দুটি প্রজেক্টেই কান্দাহার বিমান ছিনতাইয়ের ঘটনাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে।
আইকে/টিএ